সেন্টমার্টিনের অদূরবর্তী সাগরে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ খাদ্য ও নির্মাণ সামগ্রীসহ ২২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার, ১৩ নভেম্বর সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান কোস্ট গার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব।
তবে আটক পাচারকারীদের নাম ও পরিচয় নিশ্চিত করতে না পারলেও তারা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী ও সাতক্ষীরা জেলার বাসিন্দা বলে তথ্য দেন তিনি।
লেফটেন্যান্ট শাকিব মেহবুব বলেন, ‘সাম্প্রতিক সময়ে সাগরপথে খাদ্যসহ নানা চোরাইপণ্য পাচারের বিনিময়ে মাদকের চালান নিয়ে আসার সাথে কয়েকটি সংঘবদ্ধ চক্রের সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে। বুধবার মধ্যরাতে সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় দুইটি মাছ ধরার ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় কোস্ট গার্ড সদস্যরা থামার জন্য নির্দেশ দেন।
এতে কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ট্রলার দুইটি নিয়ে দ্রুত পালানোর চেষ্টা চালায়। পরে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া দিয়ে ট্রলারটি জব্দ করতে সক্ষম হয়।’
তিনি আরও বলেন, ‘ট্রলার দুইটি তল্লাশি চালিয়ে মিয়ানমার পাচারের জন্য বহন করা ৬০০ বস্তা মটর ডাল এবং ৬৫০ বস্তা সিমেন্ট পাওয়া যায়। পরে ট্রলার দুইটিতে থাকা ২২ পাচারকারীকে আটক করা হয়। উদ্ধার করা এসব চোরাইপণ্যের আনুমানিক মূল্য ৩৩ লক্ষ ৫৭ হাজার ৫০০ টাকা।’
জব্দকৃত মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি জানান।
পতাকানিউজ/এনএ/এএইচ

