আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টেও জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। যদিও তার জন্য পঞ্চম দিনের দ্বিতীয় সেশন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে নাজমুল হাসান শান্তর দলকে। এর আগে সিলেটে প্রথম টেস্ট জিতেছিলো বাংলাদেশ ইনিংস ব্যবধানে।
৬ উইকেটে ১৭৬ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল আয়ারল্যান্ড। অনেকেই ভেবেছিলেন প্রথম সেশনেই হয়তো টেস্ট জিতে নেবে বাংলাদেশ। সেটা আর হয়নি। পঞ্চম দিনে ৪ উইকেট পেতে প্রায় ৬০ ওভার বোলিং করতে হয়েছে বাংলাদেশকে।
তাইজুল ইসলাম আর হাসান মুরাদের বোলিং তোপ সামলাতে পারেনি আইরিশরা। তবে, মিরপুরে টেস্টের চতুর্থ ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছে আয়ারল্যান্ড। ২০০৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের করা ৪১৮ রান এখনো সর্বোচ্চ। সফরকারী দল হিসেবে সর্বোচ্চ আয়ারল্যান্ডেরই।
রেকর্ড গড়েছেন দলটির ব্যাটসম্যান কার্টিস ক্যাম্ফার। তিনি দ্বিতীয় ইনিংসে ২৫৯ বল খেলে ৭১ রানে নটআউট ব্যাটসম্যান ছিলেন। আিইরিশদের পক্ষে এটিই সর্বোচ্চ রান। দ্বিতীয় সর্বোচ্চ রান করে হ্যারি টেক্টর ৫০। মিরপুরে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ বল খেলার রেকর্ডও গড়েছেন কার্টিস ক্যাম্ফার।। মিরপুরে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২১২ বল খেলার রেকর্ড এত দিন ছিল সাকিব আল হাসানের।
হোয়েকে নিয়ে তিনি গড়েছেন ৫৪ রানের জুটি। তাদের এই জুটি ভাঙেন হাসান মুরাদ। তিনি এ ইনিংসে নেন ৪ উইকেট। আর তাইজুল ইসলাম দুই ইনিংসে ৪ উইকেট করে নিয়েছেন।
পতাকানিউজ/কেএস

