চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক দুটি স্থানে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার, ১৮ অক্টোবর দুপুর ও সন্ধ্যায় জোরারগঞ্জ ও বারইয়ারহাট এলাকায় দুর্ঘটনা ঘটে।
উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় কাটা পড়ে মারা যান খতিজা বেগম (৫৫) নামের এক নারী। দুপুর ১২টায় তিনি মারা যান বলে জানা যায়।
স্থানীয়রা জানান, নিহত খতিজা সোনাপাহাড় এলাকার একটি মাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে চট্টগ্রামগামী আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেসের ধাক্কায় তার মৃত্যু হয়। তিনি দুর্গাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের মোহাম্মদ হানিফের স্ত্রী।
অন্যদিকে, সন্ধ্যা ৭টায় বারইয়ারহাট কলেজ গেইট এলাকায় কাটা পড়ে অজ্ঞাত ২০-২৫ বছর বয়সী এক যুবক নিহত হন। দুর্ঘটনায় তার দেহের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার পর রেলওয়ে পুলিশ দুটি মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে সীতাকুণ্ড রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক আশরাফ সিদ্দিকী জানান, ‘খতিজা বেগমের মরদেহ আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে অজ্ঞাত যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি। তার মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।
পতাকানিউজ/এসইউএস/এএইচ

