চট্টগ্রামের মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) নতুন কারখানা স্থাপন করছে দেশীয় কোম্পানি জান্ট এক্সেসরিজ লিমিটেড। এই কারখানায় বালিশ, কমফোর্টার, ফোমসহ বিভিন্ন পণ্য উৎপাদন করা হবে।
কোম্পানিটি পাঁচ একর জমিতে প্রায় ৮০ কোটি টাকা বিনিয়োগ করবে এবং ২০২৭ সালের মে মাস থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু করার পরিকল্পনা করেছে।
আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও জান্ট এক্সেসরিজ লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর করা হয়। বেজার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) সালেহ আহমদ, আর কোম্পানির পক্ষে স্বাক্ষর করেন চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বেজার নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) সালেহ আহমদ বলেন, “জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এই উদ্যোগ পরিবেশবান্ধব এবং রপ্তানিমুখী শিল্পের উদাহরণ। এটি অন্যান্য দেশি ও বিদেশি বিনিয়োগকারীদেরও বিনিয়োগে উৎসাহিত করবে।”
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোম্পানির কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায়ও একটি শিল্পকারখানা রয়েছে। প্রতিষ্ঠানটি পলিউরেথেন ফোম, পলিইথিলিন ফোম, পুনর্ব্যবহৃত ফোম, ম্যাট্রেস, বালিশ, কমফোর্টার ও জুতার ইনসোলসহ নানা পণ্য উৎপাদন করে। প্রায় ৯০ শতাংশ কাঁচামাল তারা চীন, দক্ষিণ কোরিয়া, আরব আমিরাত ও মালয়েশিয়া থেকে আমদানি করে।
এদিকে, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বর্তমানে প্রায় ১৭টি শিল্পপ্রতিষ্ঠান উৎপাদন কার্যক্রম চালাচ্ছে, আর ২৪টি প্রতিষ্ঠান নির্মাণাধীন রয়েছে।
–বিজ্ঞপ্তি

