চট্টগ্রামের মিরসরাইয়ে দেশীয় চোলাই মদ, চুরি, প্রকাশ্যে জুয়াসহ একাধিক অপরাধে ১৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার, ১৮ অক্টোবর দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
এসময় কামরুল হাসান প্রকাশ বাপ্পি, নুর উদ্দিন প্রকাশ সেলিম, মঞ্জুরুল হক রানা, স্বপন কুমার দাস এবং দেলোয়ার হোসেনকে নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হয়। তাদের কাছ থেকে দুই লিটার দেশীয় চোলাই মদ, ১০ পিস ইয়াবা ট্যাবলেট, পিনযুক্ত দুইটি গ্যাসলাইট, চারটি ফয়েল পেপার খণ্ড, পাঁচটি প্লাস্টিকের ওয়ান টাইম গ্লাস জব্দ করা হয়।
এদের মধ্যে কামরুল হাসান প্রকাশ বাপ্পি মিঠানালা ইউনিয়ন যুব দলের আহ্বায়ক এবং নুর উদ্দিন প্রকাশ সেলিম বিএনপি নেতা বলে জানা যায়।
একই সময় পৃথক অভিযানে হত্যা মামলার আসামি আলমগীর হোসেন, চুরির মামলায় আসামি মো. একরামুল হককে গ্রেপ্তার করা হয়। প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে শাহাদাত মামুন, নুরুল ইসলাম মনাই, মো. রফিকুল ইসলাম, আবুল কালাম, আবু তাহের এবং বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করা হয়।
মিরসরাই থানার ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।
পতাকানিউজ/এসইউএস/এমওয়াই

