এক যুগ আগে রাজধানীর রমনা থানায় নাশকতার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুসহ ২৯ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার হয়েছে।
আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলা প্রত্যাহারের আদেশ দেন। একই সঙ্গে মির্জা আব্বাস ও বরকতউল্লাহ বুলুসহ ২৯ জনকে অব্যাহতি দেন।
অব্যাহতি পাওয়া উল্লেখযোগ্য অন্যরা হলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপি নেতা মীর সরাফত আলী সপু, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব, যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, যুবদল নেতা হামিদুর রহমান হামিদ।
আসামি পক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জানান, তিনি আসামিদের অব্যাহতি দেওয়ার পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত মামলা প্রত্যাহারের অনুমতি দিয়ে সবাইকে অব্যাহতি দেন। আদালতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২ মার্চ রাজধানীর রমনা থানাধীন শান্তিনগর এলাকায় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। এসময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়।
এ ঘটনায় রমনা থানার তৎকালীন এসআই মো. আশফাক রাজীব হাসান বাদী হয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
পতাকানিউজ/আইবিএম

