মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী, মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ এবং সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল আব্দুল করিম খন্দকার, বীর উত্তম (অবসরপ্রাপ্ত) ইন্তেকাল করেছেন।
শনিবার, ২০ ডিসেম্বর সকাল ১০টা ৩৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯৫ বছর।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার শুধু একজন বীর মুক্তিযোদ্ধাই নন, তিনি ছিলেন একজন দূরদর্শী সামরিক নেতা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তার অটুট নিষ্ঠা, কৌশলগত দক্ষতা ও সাহসিক নেতৃত্ব জাতির স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে তিনি মুক্তিযুদ্ধের বিভিন্ন সামরিক প্রচেষ্টার সমন্বয় সাধনে মুখ্য ভূমিকা পালন করেন।
স্বাধীনতার পর তিনি বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে যুদ্ধবিধ্বস্ত বিমান বাহিনী পুনর্গঠন ও সুসংগঠিত করার এক ঐতিহাসিক অধ্যায় সূচিত হয়। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত করা হয়। এছাড়া মুক্তিযুদ্ধ পরিচালনা, স্বাধীনতা-উত্তর বাংলাদেশ বিমান বাহিনী গঠন এবং দেশ গঠনে অনন্য অবদানের জন্য সরকার তাকে ২০১১ সালে ‘স্বাধীনতা পুরস্কার’ প্রদান করে।
মৃত্যুকালে তিনি এক কন্যা, দুই পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জাতি কৃতজ্ঞচিত্তে তার অসামান্য অবদান স্মরণ করছে এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।
আগামীকাল রবিবার, ২১ ডিসেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের জানাজা ও গার্ড অব অনার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার প্যারেড গ্রাউন্ডে দুপুর ১টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
পতাকানিউজ/এআই

