হবিগঞ্জে পুলিশের হাতে আটকের প্রায় ২০ ঘণ্টা পর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানসহ ৩ জন ছাড়া পেয়েছেন। অপর দুজন হচ্ছেন মির্জা সুমন ও রাকিব।
মঙ্গলবার, ১৮ আগস্ট বিকেল ৫টায় সদর মডেল থানা থেকে তাদের ছেড়ে দেয়া হয়। এসময় তাদের কাছ থেকে মুসলেকা নেয় পুলিশ।
এর আগে সোমবার, ১৭ আগস্ট বিকেলে অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাসের সংকট এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্ততিকালে তাদের আটক করে পুলিশ।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক জানান, প্রশাসনের অনুমতি ছাড়া ‘সর্বস্তরের ছাত্র জনতার’ ব্যানারে তারা বিক্ষোভ মিছিলের আয়োজন করে। বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় প্রশাসন অনুমতি দেয়নি। কিন্তু প্রশাসনের বাধা উপেক্ষা করে তারা জড়ো হলে ঘটনাস্থল থেকে মাহদিসহ তিনজনকে আটক করা হয়। তাদেরকে নিরাপত্তা জনিত কারণে আটক করা হয়েছিল।
মুক্তি পেয়ে মাহদী হাসান বলেন, জনগণের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে সাংবিধানিক অধিকার বলে আমরা শান্তিপূর্ণ কর্মসূচির আয়োজন করি। পুলিশ নিরাপত্তার অজুহাতে আমাদের আটক করে। যাদের দ্বারা আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তাদের গ্রেপ্তার করার কথা। কিন্তু পুলিশ কাজ করেছে উল্টো।
পতাকানিউজ/এসসি/আরবি

