আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রায় ১০ লাখ সরকারি চাকরিজীবীর ভোটাধিকার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সোমবার, ৬ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে সংলাপে তিনি এ তথ্য জানান। এ সময় অন্য কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিইসি বলেন, ভোটার তালিকা হালনাগাদের সময় ২১ লাখ মৃত ভোটার চিহ্নিত করা হয়েছে। এদের অনেকেই অতীতে ভোট দিয়েছেন।
তিনি জানান, এবার প্রবাসী ও নির্বাচনে দায়িত্ব পালনকারী সরকারি চাকরিজীবীদের ভোটের সুযোগ নিশ্চিত করা হবে।
তিনি বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার রোধেও ইলেকট্রনিক মিডিয়াকে ভূমিকা রাখতে হবে।
নির্বাচন কমিশন আগামীকাল (৭ অক্টোবর) নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ করবে। এরপর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করবে ইসি। গত ২৮ সেপ্টেম্বর সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে সংলাপের মাধ্যমে এ প্রক্রিয়া শুরু হয়েছিল।
পতাকানিউজ/এআই

