চাকুরিচ্যুত মেজর মো. সাদিকুল হক (প্রকাশ মেজর সাদিক) ও তার স্ত্রী সুমাইয়া জাফরিনকে পৃথক দুই মামলায় পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার, ২৯ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত পৃথক শুনানি শেষে এই আদেশ দেন।
দুজনকেই কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তারা পৃথকভাবে রিমান্ডের আবেদন করেন। ভাটারা থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মেজর সাদিকের জন্য ১০ দিনের এবং একই থানার একটি হত্যা মামলায় সুমাইয়া জাফরিনের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত উভয়কে পাঁচ দিন করে রিমান্ডে পাঠান।
ভাটারা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এসআই জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মেজর সাদিক
কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গোপন প্রশিক্ষণের অভিযোগে ভাটারা থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মেজর সাদিককে রিমান্ডে নেওয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মো. জেহাদ হোসেন রিমান্ড আবেদনে বলেন, গত ৩ ও ৮ জুলাই ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার কেবি কনভেনশন হলে দিনব্যাপী গোপন সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সেখানে মেজর সাদিক প্রধান প্রশিক্ষক ও সমন্বয়কের ভূমিকা পালন করেন বলে অভিযোগ।
আব দাবি করা হয়, তিনি পূর্বাচল, কাটাবন, মিরপুর ডিওএইচএস ও উত্তরাসহ বিভিন্ন স্থানে একাধিকবার গোপন প্রশিক্ষণ ও ওয়ার্কশপ পরিচালনা করেন এবং ‘অপারেশন ঢাকা ব্লকেড’-এর কানেক্টর হিসেবে কাজ করেন। সিসিটিভি ফুটেজ ও গ্রেপ্তার আসামিদের স্বীকারোক্তিতে তাঁর সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।
হত্যা মামলায় সুমাইয়া জাফরিন
ভাটারা থানার সাইফুল ইসলাম হত্যা মামলায় সুমাইয়া জাফরিনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুমন বিশ্বাসের আবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ৫ আগস্ট কুড়িল বিশ্বরোড এলাকায় গুলিবিদ্ধ হয়ে সাইফুল ইসলাম মারা যান। এ ঘটনায় তাঁর বোন মৌসুমী নাসরীন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৭ জনকে আসামি করে মামলা করেন।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, এই হত্যাকাণ্ডে সুমাইয়া জাফরিনের প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতার সাক্ষ্যপ্রমাণ রয়েছে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
পতাকানিউজ/এআই

