মেট্রোরেল সেবায় ভ্যাট অব্যাহতির মেয়াদ ছয় মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (২৪ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জনস্বার্থে এই অব্যাহতির মেয়াদ ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
এর আগে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতি দিয়েছিল এনবিআর। এছাড়া গত ১১ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে মেট্রোরেলের টিকিটের ওপর মূল্য সংযোজন কর বা ভ্যাট অব্যাহতির সুবিধা অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়।
প্রসঙ্গত, ২০২৩ সালের শুরু থেকে মেট্রোরেলের টিকিটে ভ্যাট আরোপের উদ্যোগ নেয় এনবিআর। একই বছরের ২২ জানুয়ারি ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটের তৎকালীন কমিশনার শওকত আলী সাদী ভ্যাট আরোপের আহ্বান জানিয়ে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডকে (মেট্রোরেল কোম্পানি) চিঠি দেন। পরে মেট্রোরেল কর্তৃপক্ষের সঙ্গে একাধিক বৈঠকও অনুষ্ঠিত হয়। তবে ভ্যাট আরোপ থেকে শেষ পর্যন্ত পিছিয়ে আসে এনবিআর।
পতাকানিউজ/আরবি

