ফেনীতে হলুদ-মরিচ গুঁড়া করার মেশিনে জড়িয়ে নুরুল ইসলাম নামে এক মিল মালিকের মৃত্যু হয়েছে।
সোমবার, ৭ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় শহরের মুক্তবাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে ফেনী শহরের মুক্তবাজার জুলাই চত্বরের পেছনের নিজস্ব শাহজালাল ক্র্যাশিং মিলে কাজ করছিলেন নুরুল ইসলাম। সেখানে হলুদ-মরিচ গুঁড়া করার সময় অসাবধানতাবশত তার পরনের লুঙ্গি চলন্ত মেশিনের বেল্টের সাথে পেঁচিয়ে যায়। মুহূর্তে তিনি বেল্ট ও মেশিনের সাথে আটকে পড়ে মারাত্মকভাবে জখম হন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান।
ঘটনার পর আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী মডেল থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার মূল কারণ ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
পতাকানিউজ/এএএম/আরবি

