বিশ্বকাপের পর প্রথমবারের মতো ইন্টার মায়ামির শুরুর একাদশে ফিরেই আলো ছড়ালেন লিওনেল মেসি। করলেন জোড়া গোল, সতীর্থকে দিয়ে করালেন আরও একটি। একই সঙ্গে গড়লেন লিগস কাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড। আর্জেন্টাইন মহাতারকার দুর্দান্ত নৈপুণ্যে মেক্সিকোর ক্লাব সান লুইসকে ৪–২ গোলে হারিয়ে লিগস কাপ অভিযান শুরু করেছে ইন্টার মায়ামি।
এর আগে গত রোববার মেজর লিগ সকারে (এমএলএস) কলম্বাসের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন মেসি। ২-২ গোলে ড্র হওয়া সেই ম্যাচে অবশ্য গোলের দেখা পাননি তিনি।
আজ সকালে সান লুইসের বিপক্ষে জোড়া গোল করেই রেকর্ড বইয়ে নাম লেখান মেসি। ২০২৩ সালে নতুন আকারে লিগস কাপ শুরুর পর প্রতিযোগিতাটিতে তাঁর গোলসংখ্যা এখন ১৪। এর মধ্য দিয়ে লস অ্যাঞ্জেলেস এফসির দেনি বুয়াঙ্গাকে পেছনে ফেলে টুর্নামেন্টটির সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি।
লিগস কাপে এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলেছেন মেসি। এর মধ্যে পাঁচ ম্যাচেই করেছেন জোড়া গোল।
পিছিয়ে পড়ার পর মেসির ঝলক
মেক্সিকান ক্লাবটির বিপক্ষে অবশ্য শুরুটা মোটেও ভালো হয়নি ইন্টার মায়ামির। ম্যাচের মাত্র ৪ মিনিটে ডেভিড রদ্রিগেজের গোলে এগিয়ে যায় সান লুইস। পিছিয়ে পড়ার পরই জ্বলে ওঠেন মেসি। ১১ মিনিটে অ্যালেনের ক্রস থেকে দুর্দান্ত এক ভলিতে বল জালে পাঠিয়ে মায়ামিকে সমতায় ফেরান আর্জেন্টাইন কিংবদন্তি। ২০২৬ বিশ্বকাপের পর ইন্টার মায়ামির জার্সিতে এটিই তাঁর প্রথম গোল।
সমতায় ফেরার পর ম্যাচের নিয়ন্ত্রণ নিতে খুব বেশি সময় লাগেনি মায়ামির। ২৬ মিনিটে তেলাসকো সেগোভিয়ার গোলে ২–১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকেরা।
এরপর আবার মেসির পালা। বক্সের ভেতর বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। ৪৪ মিনিটেই মায়ামির ব্যবধান দাঁড়ায় ৩–১।
প্রথমার্ধের যোগ করা সময়েও থামেনি মায়ামি। এবার গোলের কারিগর মেসি। তাঁর নেওয়া কর্নার থেকে যোগ করা সময়ের সপ্তম মিনিটে হেডে গোল করেন মিকায়েল। তাতে বিরতিতে ৪–১ গোলের বড় ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকেরা।
বৃষ্টিতে আধা ঘণ্টার বেশি বন্ধ খেলা
দ্বিতীয়ার্ধের শুরুতে অবশ্য একটি গোল শোধ করে সান লুইস। ৫১ মিনিটে রাফায়েল লোরেন্তের গোলে ব্যবধান কমিয়ে ৪–২ করে মেক্সিকান ক্লাবটি।
এরপর ম্যাচে বাধা হয়ে আসে ফ্লোরিডার আবহাওয়া। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে প্রবল বৃষ্টির কারণে আধা ঘণ্টার বেশি সময় খেলা বন্ধ থাকে।
খেলা আবার শুরু হওয়ার পর ম্যাচে ফেরার চেষ্টা চালায় সান লুইস। বেশ কিছু আক্রমণও করে তারা। তবে মায়ামির রক্ষণ ভেঙে আর গোলের দেখা পায়নি মেক্সিকান ক্লাবটি। শেষ পর্যন্ত ৪–২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।
এই জয়ে লিগস কাপ অভিযান দারুণভাবে শুরু করল মায়ামি। আর বিশ্বকাপের পর প্রথমবার শুরুর একাদশে ফিরেই জোড়া গোল, একটি গোলে সহায়তা এবং লিগস কাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড-সব মিলিয়ে ফেরাটা স্মরণীয় করে রাখলেন মেসি।
আগামী ৯ আগস্ট লিগস কাপে ইন্টার মায়ামির পরবর্তী প্রতিপক্ষ মেক্সিকোর আরেক ক্লাব মন্তেরেই।
-পতাকানিউজ

