কক্সবাজার সদরের খরুলিয়ায় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং ১ জন আহত হয়েছে। হতাহতরা তিনজনই বন্ধু।
শনিবার, ৪ মার্চ দুপুর দেড়টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. রিসান (১৯) ও মো. আরাফাত (২১)। এদের মধ্যে সানি কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের মুক্তারকুল এলাকার এবং আরাফাত একই ইউনিয়নের দরগা এলাকার বাসিন্দা। আহত মো. সানি (১৯) একই ইউনিয়নের মুক্তারকুল এলাকার বাসিন্দা।
রামু হাইওয়ে ক্রসিং থানার ইনচার্জ পরিদর্শক মো. নাছির উদ্দিন জানান, আজ দুপুরে ঝিলংজা ইউনিয়নের দরগা এলাকা থেকে তিন বন্ধু মিলে মোটরসাইকেলে বাংলাবাজার স্টেশন যাচ্ছিল। পথিমধ্যে খরুলিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে ৩ জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
ঘটনার পরপরই দ্রুত চালিয়ে দুর্ঘটনা কবলিত পিকআপ চালক পালিয়ে গেলেও মোটরসাইকেলটি পুলিশ জব্দ করেছে বলে জানান তিনি।
তিনি আরও জানান, নিহতদের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।
পতাকানিউজ/এনএ/আরবি

