নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দ্রুতগতির বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক বিএনপি নেতা নিহত হয়েছেন। ভয়াবহ এ দুর্ঘটনায় বাসটি মোটরসাইকেলটিকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
শুক্রবার রাত আটটার দিকে বনপাড়া–হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল আজিজ (৬২) পাবনার ভাঙ্গুড়া উপজেলার ঝিনাইগাড়ি কলকটি গ্রামের বাসিন্দা এবং ভাঙ্গুড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতে ছেলেকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বনপাড়া থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন আবদুল আজিজ। পথিমধ্যে রাজ্জাক মোড়ে পৌঁছালে ঢাকাগামী ‘যমুনা লাইন’ পরিবহনের একটি দ্রুতগতির বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার পর বাবা–ছেলে সড়কে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত আবদুল আজিজকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, দুর্ঘটনার পর মোটরসাইকেলটি বাসের চাকায় আটকে যায়। এরপরও বাসচালক নিয়ন্ত্রণ না করে প্রায় ১ কিলোমিটার পর্যন্ত মোটরসাইকেলটিকে টেনে নিয়ে যান। পরে বিষয়টি টের পেয়ে বাসটি থামানো হয়।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
-পতাকানিউজ

