ভারতের মাটিতে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে নিয়ে নিরাপত্তা ঝুঁকির কথা স্বীকার করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে সেই ঝুঁকি কমাতে আইসিসির দেওয়া কিছু সুপারিশকে ‘অবাস্তব ও অসম্মানজনক’ বলে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার ও বিসিবি।
আজ বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানান, আইসিসির সিকিউরিটি টিম থেকে পাঠানো একটি চিঠিতে তিনটি কারণে বাংলাদেশের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলে উল্লেখ করা হয়েছে। এই তিনটি বিষয় এড়িয়ে বিশ্বকাপে অংশ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বাংলাদেশকে।
আইসিসির তিন ‘শর্ত’
আইসিসির চিঠি অনুযায়ী, মোস্তাফিজুর রহমান দলে থাকলে নিরাপত্তা ঝুঁকি বাড়বে। বাংলাদেশি সমর্থকদের জাতীয় জার্সি পরে চলাফেরা করা ঝুঁকিপূর্ণ এবং ভারতের নির্বাচন যত ঘনাবে, পরিস্থিতি তত অস্থিতিশীল হবে।
অর্থাৎ, কার্যত বাংলাদেশের অন্যতম সেরা বোলার মোস্তাফিজকে বাদ দেওয়ার ইঙ্গিতই দিয়েছে আইসিসি।
ড. আসিফ নজরুল বলেন, ‘আমরা আইসিসিকে নিরাপত্তা নিয়ে দুইটি চিঠি দিয়েছি। তার জবাবে কিউরিটি টিম যে চিঠি পাঠিয়েছে, সেটাই প্রমাণ করে ভারত বর্তমানে আমাদের দলের জন্য নিরাপদ নয়।’
‘সেরা বোলার বাদ দিয়ে খেলা অসম্ভব’
ক্রীড়া উপদেষ্টা স্পষ্ট ভাষায় বলেন, ‘আমাদের প্রধান স্ট্রাইক বোলারকে বাদ দিতে বলা, অথবা সমর্থকদের জার্সি পরা নিষিদ্ধ করা—এগুলো কল্পনাপ্রসূত ও অগ্রহণযোগ্য। এমন শর্তে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলা যায় না।’ তিনি আরও বলেন, ভারতের বর্তমান রাজনৈতিক ও সাম্প্রদায়িক পরিস্থিতিতে বাংলাদেশিদের জন্য নিরাপত্তা হুমকি বাস্তব।
বিকল্প ভেন্যুর দাবি
বাংলাদেশের পক্ষ থেকে আইসিসির কাছে শ্রীলঙ্কা, পাকিস্তান বা সংযুক্ত আরব আমিরাতে ম্যাচ আয়োজনের দাবি জানানো হয়েছে। ড. আসিফ নজরুল বলেন, ‘ভারতে গত ১৬ মাস ধরে যে বাংলাদেশবিরোধী ও উগ্র পরিবেশ তৈরি হয়েছে, সেখানে খেলা সম্ভব নয়। আইসিসি যদি সত্যিই বৈশ্বিক সংস্থা হয়, তাহলে আমাদের বিকল্প ভেন্যু দিতে হবে।’
ভেন্যু বদলালেও আপত্তি
ভারতের ভেতরে ভেন্যু পরিবর্তনের প্রস্তাবও নাকচ করে দিয়েছে বাংলাদেশ। ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘ভারত মানেই ভারত—সে কেরালাই হোক বা অন্য রাজ্য। আইসিসির নিজের চিঠিই প্রমাণ করছে, ভারতের কোনো জায়গাতেই বাংলাদেশের জন্য নিরাপদ পরিবেশ নেই।’
-পতাকানিউজ

