মৌলভীবাজার জেলায় তার জন্ম। এরপর পরিবারের সঙ্গে ১১-১২ বছর বয়সে পাড়ি দেন কাডানায়। এখন কানাডা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন বাংলাদেশী বংশোদ্ভূত নারী ডলি বেগম। আগামী সোমবার ১৩ এপ্রিল অনুষ্ঠিতব্য উপনির্বাচনকে ঘিরে কানাডার স্থানীয় রাজনীতির উনুন এখন বেশ উত্তপ্ত। সেই তপ্ত উনুনে কিছুটা ‘বিস্ফোরক’ ছিটিয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত প্রার্থী এনডিপি নেত্রী ডলি বেগম। সুনির্দিষ্ট করে বললে, মৌলভীবাজার জেলার এই নারী এখন কানাডার নির্বাচনী মাঠ সরগরম করে তোলেছেন।
তার পক্ষে প্রচারণায় নেমেছেন খোদ কানাডার প্রধানমন্ত্রী। প্রচারণা মানে, যেনতেন প্রচারণা নয়। একেবারের ভোটারদের কাছে চিঠি পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী। আবার বিরোধীপক্ষ থেকেও সমান তালে প্রশংসা পাচ্ছেন ডলি বেগম। ফলে নির্বাচনের আগেই বেশ ফুরফুরে মেজাজে আছে ডলি।
ডলি নির্বাচন করছেন টরন্টোর স্কারবরো সাউথওয়েস্ট আসনে। ওই আসনে দীর্ঘদিনের সংসদ সদস্য ছিলেন বিল ব্লেয়ার। তিনি পদত্যাগ করার পর উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেই নির্বাচনকে ঘিরেই এখন কানাডার বাংলাদেশী কমিউনিটির সঙ্গে সেই দেশের স্থানীয় ভোটাররাও বেশ সরগরম অবস্থায় আছেন।
নির্বাচনে ডলি বেগমের পক্ষে প্রচারণায় নেমেছেন এনডিপির নেতা-কর্মীরা। সঙ্গে ফেডারেল সরকারের একাধিক প্রভাবশালী মন্ত্রী এবং সংসদ সদস্য আছে ডলির পাশে। এছাড়ার ডলির সমর্থনে এগিয়ে এসেছেন অন্টারিও প্রদেশের প্রিমিয়ার ডাগ ফোর্ড -যিনি রাজনৈতিকভাবে ভিন্ন শিবিরের। তারপরও ডলির কাজের ভূয়সী প্রশংসা করে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন, যা ডলির নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে।
আবার ডলির পক্ষে সরাসরি নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। গত সপ্তাহে তিনি আকস্মিকভাবে টরন্টোর একটি স্থানীয় রেস্টুরেন্টে উপস্থিত হয়ে ডলির পক্ষে প্রচারণা চালান। এর পাশাপাশি ভোটারদের কাছে বাড়ি বাড়ি চিঠি পাঠিয়েও ডলিকে সমর্থনের আহ্বান জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রীর পাঠানো ওই চিঠিতে কানাডার বর্তমান সময়কে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, শক্তিশালী নেতৃত্ব, সুসংগঠিত অর্থনৈতিক পরিকল্পনা এবং বিভিন্ন পটভূমির মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একটি শক্তিশালী কানাডা গড়ে তোলা এখন সময়ের দাবি।
চিঠিতে ডলি বেগমের কাজের প্রশংসা করে বলা হয়, তিনি গত সাত বছর ধরে স্কারবরো সাউথওয়েস্টের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। স্থানীয় জনগণের প্রয়োজন সম্পর্কে তার গভীর জ্ঞান রয়েছে রয়েছে এবং সাশ্রয়ী আবাসন, উন্নত গণপরিবহন ও নিরাপদ বসবাসের পরিবেশ গড়ে তুলতে তিনি সক্রিয়ভাবে কাজ করছেন।

এছাড়া, একটি শক্তিশালী ও স্বনির্ভর কানাডীয় অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতিও তুলে ধরা হয় চিঠিতে। এতে সাশ্রয়ী আবাসন নিশ্চিতকরণ, কর্মজীবী মানুষ ও পরিবারের জন্য প্রয়োজনীয় সামাজিক সুরক্ষা বজায় রাখা এবং উন্নত কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়টি গুরুত্ব পেয়েছে।
ভোটারদের উদ্দেশে চিঠিতে আহ্বান জানানো হয়, এমন একজন লিবারেল সংসদ সদস্য নির্বাচন করতে, যিনি জনগণের অগ্রাধিকার বাস্তবায়নে কাজ করবেন এবং অনিশ্চিত সময়ে কানাডাকে শক্তিশালী রাখতে ভূমিকা রাখবেন এবং ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে নেতৃত্ব দিতে সক্ষম হবেন।
চারদিক থেকে যখন তুমুল সমর্থনে ভাসছেন ডলি বেগম, তখন তিনি নিজেও প্রচারণার পারদ বাড়িয়েছেন। ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন। ভোটারদের মন জয় করে ভোট নিজের বাক্সে টানার নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছেন প্রার্থী।
পরিশ্রম করে ভোটারদের দুয়ারে দুয়ারে যাওয়ার সুফল এরই মধ্যে পেতে শুরু করেছেন তিনি। গত ৩-৭ এপ্রিল পর্যন্ত অগ্রিম ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আগাম ভোটের কোনো তথ্য এখনই প্রকাশ্যে আসবে না। কিন্তু জনমত জরিপগুলো ডলির পক্ষের কথা বলছে। আগামী সোমবার (১৩ এপ্রিল) এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাঙালি অধ্যুষিত এই নির্বাচনী এলাকায় বাংলাদেশি কমিউনিটির মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। টরন্টোসহ বৃহত্তর অন্টারিও অঞ্চলে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি বসবাস করেন, যাদের একটি বড় অংশ স্কারবরো এলাকাতেই থাকেন। ফলে এই উপনির্বাচন ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে এবং অনেকেই সক্রিয়ভাবে প্রচারণায় অংশ নিচ্ছেন।
আলোচিত এই আসনে ডলি বেগম ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন কনজারভেটিভ পার্টির ডিয়ানা ফিলিপোভা, ফাতিমা শাবান এবং গ্রিন পার্টির পুজা মালহোত্রা।

কে এই ডলি বেগম?
ডলি বেগমের জন্ম বাংলাদেশের মৌলভীবাজার জেলায়। এখন তিনি কানাডার রাজনীতিবিদ হিসেবে নিজকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি অন্টারিও প্রাদেশিক পার্লামেন্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত সদস্য হিসেবে পরিচিত। তিনি স্কারবরো সাউথওয়েস্ট আসন থেকে একাধিক মেয়াদে দায়িত্ব পালন করেছেন এবং ২০২৬ সালে কানাডার লিবারেল পার্টির প্রার্থী হিসেবে ফেডারেল রাজনীতিতে প্রবেশ করেন।
ডলি বেগম বাংলাদেশ ছেড়ে পরিবারের সঙ্গে কানাডা পাড়ি দেন ১৯৯৯ সালে। তখন তার বয়স ১১-১২ বছর। সেখানকার ইউনিভার্সিটি অব টরন্টো থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক, ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
অন্টারিও রাজনীতিতে উত্থান
২০১৮ সালে ডলি বেগম স্কারবরো সাউথওয়েস্ট আসন থেকে অন্টারিও এনডিপির প্রার্থী হয়ে জয়ী হন। এটি ছিল কানাডার যেকোনো আইনসভায় নির্বাচিত প্রথম বাংলাদেশি-কানাডিয়ান নারীর জয়। যা ওই সময় ইতিহাস সৃষ্টি করেছিল।
পরে ২০২২ এবং ২০২৫ সালেও তিনি পুনর্নির্বাচিত হন। এ সময় তিনি অন্টারিও নিউ ডেমোক্রেটিক পার্টির উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন এবং জীবনযাত্রার ব্যয়, আবাসন সংকট ও অভিবাসী সম্প্রদায়ের বিষয়গুলোতে শক্তিশালী কণ্ঠ হিসেবে পরিচিতি পান। ধারাবাহিক বিজয়ের মাধ্যমে তিনি অন্টারিওর বহুসাংস্কৃতিক রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হন।

ফেডারেল রাজনীতিতে উত্তরণ
২০২৬ সালের শুরুতে, প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বে ডলি বেগম কানাডার লিবারেল পার্টিতে যোগ দেন এবং স্কারবরো সাউথওয়েস্টের আসন্ন ফেডারেল উপনির্বাচনে প্রার্থী হন। প্রাদেশিক রাজনীতি থেকে জাতীয় পর্যায়ে যাওয়ার এই পদক্ষেপ তার অর্থনৈতিক স্থিতিশীলতা, আবাসন ও জীবনযাত্রার ব্যয়ের মতো জাতীয় ইস্যুগুলোর প্রতি মনোযোগের প্রতিফলন। জনমত জরিপে তার পক্ষে স্থানীয় সমর্থনের শক্ত অবস্থানের তথ্য উঠে এসেছে।
ঐতিহ্য ও গুরুত্ব
গ্রামীণ বাংলাদেশ থেকে কুইন্স পার্ক এবং কানাডার ফেডারেল রাজনীতির মঞ্চে ডলি বেগমের যাত্রা উত্তর আমেরিকার রাজনীতিতে দক্ষিণ এশীয় ও অভিবাসী নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণের প্রতীক। জনসেবা, বিশেষ করে পাবলিক ইউটিলিটি ও স্বাস্থ্যখাতে কাজ এবং সামাজিক সমতার পক্ষে ডলির অবস্থান বেশ সোচ্চার। এই কারণে তিনি প্রবাসী তরুণ ও প্রগতিশীল ভোটারদের কাছে অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।
-পতাকানিউজ

