ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে মৌলভীবাজারের চারটি আসনে বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি সকাল থেকে ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে নারী-পুরুষ নির্বিশেষে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়।
জেলা প্রশাসনের তথ্যমতে, মৌলভীবাজারের চারটি আসনে মোট ভোটার সংখ্যা ১৬ লাখ ১৪ হাজার ৯৩৬ জন। ৫৫৪টি ভোটকেন্দ্রে ৩ হাজার ১০৫টি কক্ষে ভোটগ্রহণ চলছে। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মাঠে রয়েছেন ২৮ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ৮ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।
সরেজমিন মৌলভীবাজার-৪ আসনের শ্রীমঙ্গল ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে দেখা যায়, বেলা সাড়ে ১২টায় নারীদের দীর্ঘ লাইন। পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। অনেকেই পরিবারসহ কেন্দ্রে এসেছেন ভোট দিতে।
ভোটাররা জানান, দীর্ঘদিন পর এমন উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারা তাদের জন্য আনন্দের।
কলেজ শিক্ষার্থী প্রিয়াঙ্কা সিনহা জীবনে প্রথমবারের মতো ভোট দিয়েছেন। নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘প্রথমবারের ভোট দিয়ে খুবই আনন্দ লাগছে। এবার একসঙ্গে দুই ভোট দিলাম। যাকে যোগ্য মনে করেছি, তাকেই ভোট দিয়েছি।’
কমলগঞ্জের মাধবপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে ৭৮ বছর বয়সী শেফালী শর্মা ভোট দিয়ে বলেন, ‘এর আগের নির্বাচনে কেন্দ্রে ভোট দিতে আসলেও দিতে পারিনি। এবার প্রথম সমস্যা ছাড়াই ভোট দিলাম। খুব ভালো লাগছে। ভোটের পরিবেশও ভালো।’
এদিকে জেলার ৫৫৪টি ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দায়িত্ব পালন করছেন ১ হাজার ১০৯ জন পুলিশ সদস্য, ৭ হাজার ২০২ জন আনসার ভিডিপি সদস্য এবং ৫৬৪ জন গ্রাম পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ম্যাজিস্ট্রেটদের উপস্থিতি নির্বাচনকে সুশৃঙ্খল রাখতে সহায়ক ভূমিকা রাখছে।
মৌলভীবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল বলেন, ‘জেলা প্রশাসন সবার সহযোগিতায় একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর।’
পতাকানিউজ/এমআর/আরবি

