আগামী ১২ অক্টোবর সকাল ১০টায় একযোগে সারাদেশে বিনামূল্যে সরকারি উদ্যোগে টাইফয়েডের টিকা দেয়া হবে। ৫ বছর বয়স থেকে শুরু করে নবম শ্রেণির শিক্ষার্থীরা এ টিকা গ্রহণ করবে। বৃহস্পতিবার, ৯ অক্টোবর স্কুলের শিক্ষার্থীদের টিকার রেজিস্ট্রেশনের শেষ দিন।
সিভিল সার্জন মৌলভীবাজার কার্যালয় সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলার ৭ উপজেলার জন্য টাইফয়েডের টিকার টার্গেট দেয়া হয় ৫ লক্ষ ৬৯ হাজার ৭২৫ জনের। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত টিকার রেজিস্ট্রেশন হয়েছে ৪৬ শতাংশ। এ হিসেবে প্রায় ২ লক্ষ ৫০ হাজার টিকা পাবে মৌলভীবাজারের রেজিস্ট্রেশনকৃতরা। সূত্র আরও জানায় টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন এ জেলায় অন্যান্য জেলার চেয়ে পিছিয়ে আছে।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এম মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, ‘কমলগঞ্জ উপজেলার জন্য টার্গেট ছিল ৭৩ শতাংশ। আজ পর্যন্ত রেজিস্ট্রেশন হয়েছে ৩৬ শতাংশ। এ উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশনকৃত ২৭ হাজার শিক্ষার্থী টাইফয়েডের টিকা গ্রহণ করবে।’
মৌলভীবাজার জেলা সিভিল সার্জন কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার মাহফুজ বলেন, ‘টার্গেটের চেয়ে কম অর্থাৎ ৪৬ শতাংশ টায়ফয়েড রেজিস্ট্রেশন হয়েছে মৌলভীবাজারে। আগামী ১২ অক্টোবর সকাল ১০টায় মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ে জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন আনুষ্ঠানিকভাবে মৌলভীবাজার জেলার টিকা কার্যক্রম উদ্বোধন করবেন।’
মৌলভীবাজারের সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমান বলেন, ‘যেহেতু আজকের মধ্যে টিকা রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে সেহেতু রাত পর্যন্ত রেজিস্ট্রেশন সংখ্যা আরও বেড়ে যাবে।’
পতাকানিউজ/এমআরআর/এমওয়াই

