মৌলভীবাজারে যুবসমাজকে খেলাধুলামুখী করা, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত ও প্রাণবন্ত সমাজ গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ‘কেন্ট এলিট স্পোর্টিং সোসাইটি মৌলভীবাজার ১৫ কিলোমিটার রান-২০২৬’।
শুক্রবার (২ অক্টোবর) ভোরে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সড়কে দৌড়ের মধ্য দিয়ে শুরু হয় এ আয়োজন। এতে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে।
চা-বাগানবেষ্টিত মৌলভীবাজারের আঁকাবাঁকা মনোরম পথজুড়ে আয়োজিত এ দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী দৌড়বিদ ও তরুণ-তরুণীরা অংশ নেন।
আয়োজকরা জানান, এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলায় সম্পৃক্ত করা। পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপন ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য ছিল মেডেল ও সনদ। এছাড়া বিজয়ীদের জন্য ট্রফিসহ মোট ১ লাখ ১০ হাজার টাকা নগদ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইভেন্টের প্রধান পৃষ্ঠপোষক ইউকে ক্যান্ট এলিট স্পোর্টিং সোসাইটির চেয়ারম্যান সায়েম রহমান, মৌলভীবাজার অ্যাথলেটিক্স অ্যান্ড কাবাডি একাডেমি ও পাওয়ার পালস এরিনার পরিচালক মাহফুজুর রহমান, পাবলিক লাইব্রেরি মৌলভীবাজারের কোষাধ্যক্ষ জাহেদ আহমদ চৌধুরী এবং একাডেমির পরিচালক মো. ফয়জুল হক ও রেজওয়ানুর রহমান।
পতাকানিউজ/এমএম

