বগুড়ার সারিয়াকান্দিতে ঘাস কেটে ফেরার পথে যমুনা নদীতে ডুবে নিখোঁজ আব্দুর রশিদ (৬৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।
রবিবার, ১৬ আগস্ট দুপুরে উপজেলা কর্ণিবাড়ী ইউনিয়নের অদূরে মথুরাপাড়া মসজিদের সামনে যমুনা নদী থেকে ওই কৃষকের মরদেহ উদ্ধার করা হয়।
আব্দুর রশিদ উপজেলার কুতুবপুর ইউনিয়নের দেবডাঙ্গা গ্রামের মৃত তজিবর সরকারের ছেলে।
এর আগে শনিবার, ১৫ আগস্ট সকাল সাড়ে ১১টায় দেবডাঙ্গা হার্ড পয়েন্টের কাছে যমুনা নদীতে তিনি নিখোঁজ হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে গরুর জন্য ঘাস কাটার জন্য কৃষক আব্দুর রশিদ বাড়ি থেকে বেরিয়ে নদীর ওপারে চরে যান। পরে তিনি বাড়ি ফেরার উদ্দেশে রওনা দেন। সকাল সাড়ে ১১ টায় দিকে তিনি নদী সাঁতরিয়ে পার হওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে তিনি পানিতে ডুবে যান। এরপর থেকে তার খোঁজ মেলেনি। পরে দুদিন ধরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল স্থানীয়রা উদ্ধার চেষ্টা চালিয়ে অবশেষে আজ দুপুরে আবদুর রশিদের মরদেহ উদ্ধার করা হয়।
সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সুজন মিয়া বলেন, নিখোঁজ ওই কৃষককে উদ্ধারের জন্য রাজশাহী ডুবুরি দল ও স্থানীয়রা ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করি। আজ দুপুর আড়াইটায় প্রায় ২৭ ঘণ্টা পর ভাটিতে তার মরদেহ উদ্ধার করা হয়।
সারিয়াকান্দি থানার ওসি আ ফ ম আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পতাকানিউজ/পিএম/আরবি

