যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার, ২৭ এপ্রিল সকাল ১০টা ১২ মিনিটে তিনি যশোর বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান যশোর-৩ আসনের সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।
এর আগে তিনি আজ সকাল সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশ্যে রওয়ানা দেন।
বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।
সফরসূচি অনুযায়ী, যশোরে পৌঁছে প্রধানমন্ত্রী শার্শা উপজেলার উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। একই স্থানে আয়োজিত পথসভা বা সুধী সমাবেশেও যোগ দেবেন তিনি।
পরে যশোর সার্কিট হাউসে স্বল্প বিরতির পর বিকেলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এরপর যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য দেবেন।
দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে রাতে রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নানা প্রস্তুতির পাশাপাশি শহরজুড়ে নেয়া হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে নতুন রূপে সাজছে যশোর শহর।
বিএনপির নেতাকর্মীরা বলছেন, যশোরে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এ সফর ঘিরে এলাকায় সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচন হবে।
যশোর জেলা বিএনপি সভাপতি সাবেরুল হক সাবু বলেন, ‘সফরে শার্শার জিয়া খাল খনন ও যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতালের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেলে ঈদগাহ ময়দানের জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান।
দেশে ফেরার পর গত ২ ফেব্রুয়ারি নির্বাচনী প্রচারে যশোরে আসেন তারেক রহমান।
পতাকানিউজ/আরবি

