কলম্বিয়ার উত্তরে ভেনেজুয়েলা সীমান্তের কাছে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৫ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে রয়েছেন দেশটির আইনপ্রণেতা দিয়োজেনেস কুইন্তেরো আমায়া এবং আসন্ন কংগ্রেস নির্বাচনের প্রার্থী কার্লোস সালসেদো। দুর্ঘটনার ঘটনা নিশ্চিত করেছে কলম্বিয়ার রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সাতেনা। খবর বিবিসি ও স্থানীয় সূত্রে পাওয়া গেছে।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এই খবর প্রকাশ করেছে। বিমান সংস্থার বিবৃতির বরাত দিয়ে জানানো হয়েছে, তাদের বিচক্র্যাফট ১৯০০ বিমান “মারাত্মক দুর্ঘটনার”শিকার হয়েছে। বিমানটি কুকুতা শহর থেকে ওকানিয়ার উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল। স্থানীয় সময় বুধবার দুপুর ১২টা ৫ মিনিটে বিমানের ওকানিয়ায় অবতরণের কথা থাকলেও ১১ মিনিট আগে সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানে ১৩ জন যাত্রী এবং দুইজন ক্রু ছিলেন।
পরে একটি পাহাড়ি এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম সেমানার এক সাক্ষাৎকারে নর্তে দে সান্তান্দের প্রদেশের গভর্নর উইলিয়াম ভিয়ামিজার জানান, এখন পর্যন্ত সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে।
দুর্ঘটনার জায়গাটি কলম্বিয়ার ইএলএন গেরিলা গোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন অঞ্চল হওয়ায় উদ্ধার কার্যক্রমে দেশটির সশস্ত্র বাহিনীও অংশগ্রহণ করছে।
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শোক প্রকাশ করে লিখেছেন, “এই মৃত্যুগুলোতে আমি গভীরভাবে শোকাহত।”
বিমান দুর্ঘটনার বিস্তারিত কারণ এখনো জানা যায়নি। সাতেনা জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত সকল তথ্য এবং তদন্তের জন্য তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
সূত্র : রয়টার্স
-পতাকানিউজ

