বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য থেকে চার সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে।
বুধবার, ৩ ডিসেম্বর ড. রিচার্ড বিউলের নেতৃত্বে মেডিকেল প্রতিনিধি দলটি এভারকেয়ার হাসপাতালের যান। সেখানে তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করেন এবং হাসপাতালের স্থানীয় মেডিকেল টিমের সঙ্গে আলোচনা করেন।
হাসপাতাল সূত্র জানা গেছে, যুক্তরাজ্যের এ বিশেষজ্ঞ চিকিৎসক দল খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য দেশে এসেছে। তারা স্থানীয় চিকিৎসক দলের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।
বিএনপি নেতারা জানান, বিদেশি বিশেষজ্ঞরা আসায় খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি হবে আশা করা হচ্ছে।
এর আগে সোমবার, ১ ডিসেম্বর খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তায় পাঁচ সদস্যের একটি বিদেশি মেডিকেল টিম এভারকেয়ার হাসপাতালে পৌঁছে।
এদিকে মঙ্গলবার, ২ ডিসেম্বর সাংবাদিকদের ডা. জাহিদ জানান, ‘খালেদা জিয়ার চিকিৎসায় বাংলাদেশ, আমেরিকা ও ইউকের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি যৌথ মেডিকেল টিম আছেন। এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক মায়ের চিকিৎসার তদারকি করছেন। চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন তা তিনি গ্রহণ করতে পারছেন।
প্রসঙ্গত রবিবার, ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য ৭৯ বছর বয়সী খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। পরীক্ষা-নিরীক্ষায় বুকে ‘সংক্রমণ’ ধরা পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
পতাকানিউজ/আরবি

