নিউট্রন ইমেজিং গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য মো. সামিন নূর চৌধুরী যুক্তরাষ্ট্র ভিত্তিক ‘নিউট্রন স্ক্যাটারিং সোসাইটি অফ আমেরিকা’ থেকে ২০২৬ সালের ‘উৎকৃষ্ট শিক্ষার্থী গবেষণা পুরস্কার’ অর্জন করেছেন। তিনি পারডু বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের ডক্টরাল পর্যায়ের শিক্ষার্থী।
হাইপারস্পেক্ট্রাল নিউট্রন কম্পিউটেড টোমোগ্রাফি (নিউট্রন সিটি) দ্রুততর করার জন্য পরিসংখ্যানভিত্তিক অ্যালগরিদম এবং ত্রিমাত্রিক স্ট্রেইন ম্যাপিংয়ের উন্নত পদ্ধতি উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেয়া হয়। তার গবেষণার মাধ্যমে নিউট্রনভিত্তিক স্ক্যান থেকে আরও সূক্ষ্ম ও বিস্তারিত চিত্র তৈরি করা সম্ভব হচ্ছে, যা চাপের মধ্যে থাকা পদার্থের অভ্যন্তরীণ আচরণ বিশ্লেষণে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে।
বিশেষজ্ঞদের মতে, নিউট্রন ইমেজিং এমন একটি আধুনিক প্রযুক্তি, যার মাধ্যমে বস্তুর অভ্যন্তর এমনভাবে দেখা যায় যা প্রচলিত ইমেজিং পদ্ধতিতে প্রায় অসম্ভব। সামিন নূর চৌধুরীর কাজ এ প্রযুক্তিকে আরও দ্রুত, কার্যকর ও নির্ভুল করে তুলেছে, যা উন্নত উৎপাদন, প্রকৌশল ও পদার্থবিজ্ঞানের গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
অনুভূতি প্রকাশ করে সামিন নূর বলেন, ‘এ স্বীকৃতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটি এমন একটি কাজকে সম্মানিত করেছে যার বাস্তব প্রয়োগ রয়েছে।’ তিনি তার উপদেষ্টা অধ্যাপক চার্লস বাউম্যান, অধ্যাপক গ্রেগরি বাজার্ড এবং ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরির সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
আয়োজক সূত্রে জানা যায়, প্রতি দুই বছর অন্তর অন্তর অনুষ্ঠিত ‘আমেরিকান কনফারেন্স অন নিউট্রন স্ক্যাটারিং’-এর অংশ হিসেবে এ পুরস্কার প্রদান করা হয়। ২০২৬ সালের সম্মেলন আগামী ১২ থেকে ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের Detroit শহরে অনুষ্ঠিত হবে, যেখানে তিনি আনুষ্ঠানিকভাবে পুরস্কার গ্রহণ করবেন এবং একটি প্রধান বক্তব্য প্রদান করবেন। পুরস্কারের অংশ হিসেবে তিনি ১,০০০ মার্কিন ডলার সম্মাননা, একটি স্মারক ফলক এবং সমপরিমাণ ভ্রমণ অনুদান পাবেন।
প্রসঙ্গত, সামিন নূর চৌধুরী চট্টগ্রামের বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. মো. নুরুল আমীন চৌধুরী ও মিসেস তাহমিনা পারভীনের জ্যেষ্ঠ পুত্র এবং তার দাদা পটিয়ার মনসা গ্রামের মরহুম আমির হামজা চৌধুরী এবং তার নানা চট্টগ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এ কে মাহমুদুল হক।
পতাকানিউজ

