বাংলাদেশের তরুণ প্রযুক্তিবিদ সাইফুল ইসলাম তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় (AI) গবেষণা এবং বাস্তব প্রয়োগের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজের অবস্থান দৃঢ় করে তুলছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের বোস্টনে সফটওয়্যার কোয়ালিটি অ্যাশিউরেন্স কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন Blueera Technologies Inc-এ।
সাইফুলের যাত্রা শুরু ঢাকায়। পড়াশোনা করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (BUBT) থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক পর্যায়ে। পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। শিক্ষাজীবন শেষে ERA-InfoTech ও Beximco Computers Limited-এ কাজ করে তিনি ব্যাংকিং ও আর্থিক খাতে ডেটা মাইগ্রেশন, প্রেডিক্টিভ অ্যানালিটিক্স ও রিপোর্টিং সিস্টেম উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
আন্তর্জাতিক গবেষণায় সাফল্য
২০২৩ সালে উচ্চশিক্ষার লক্ষ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সাইফুল। টেক্সাসের Lamar University-তে ভর্তি হয়ে ২০২৪ সালের ডিসেম্বরে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমসে মাস্টার্স সম্পন্ন করেন। সেখানে তার গবেষণার বিষয় ছিল— কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা-ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ (Data-driven Decision Making) এবং সাইবারসিকিউরিটি।
এই গবেষণাগুলো আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়ে তাকে বৈশ্বিক গবেষণা মহলে পরিচিতি এনে দিয়েছে।
ভবিষ্যৎ পরিকল্পনা
ভবিষ্যৎ ভাবনায় সাইফুল ইসলামের দৃষ্টি মূলত মানবকল্যাণে প্রযুক্তির ব্যবহার। তার ভাষায়— ‘আমার লক্ষ্য হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ফ্রড ডিটেকশন ও ক্রেডিট রিস্ক মডেলিং তৈরি করা, যা বৈশ্বিক আর্থিক খাতকে সুরক্ষিত করবে। পাশাপাশি স্বাস্থ্যখাতে ডেটা অ্যানালিটিক্স ব্যবহার করে রোগীদের উন্নত সেবা নিশ্চিত করতে চাই।’
সাইফুলের বিশ্বাস, প্রযুক্তির উন্নয়ন কেবল উদ্ভাবনের জন্য উদ্ভাবন হওয়া উচিত নয়। বরং সেটি হতে হবে দায়িত্বশীল ও মানবকল্যাণমুখী। তার এই দৃষ্টিভঙ্গি তাকে শুধু একজন প্রযুক্তিবিদ নয়, বরং এক নতুন প্রজন্মের ভাবনাশীল গবেষক হিসেবেও আলাদা করেছে।
পতাকানিউজ/কেএস

