যুক্তরাষ্ট্রে রেকর্ড ৪০ দিন ধরে চলা সরকারি শাটডাউনের অবসান ঘটাতে সিনেট একটি গুরুত্বপূর্ণ বিল পাস করেছে। গত রবিবার মার্কিন সিনেটে কেন্দ্রীয় সরকারের তহবিল পুনরায় চালুর বিলটি ৬০-৪০ ভোটে পাস হয়, যা সরকারের কার্যক্রম স্বাভাবিক করার পথে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সরকারি ব্যয়ের বাজেট অনুমোদন না হওয়ায় গত ১ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রে শাটডাউন বা অচলাবস্থা চলছে। এ সময় বহু সরকারি দপ্তর কার্যত বন্ধ হয়ে পড়ে এবং উড়োজাহাজ চলাচলসহ গুরুত্বপূর্ণ সেবায় ব্যাপক বিঘ্ন ঘটে।
সিএনএন ও ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্যসেবা ভর্তুকি, খাদ্য সহায়তা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি কর্মী বরখাস্তের সিদ্ধান্ত নিয়ে টানাপোড়েনের পর আইনপ্রণেতারা অবশেষে একটি অস্থায়ী চুক্তিতে পৌঁছেছেন। এতে আগামী জানুয়ারি পর্যন্ত সরকারের ব্যয় নির্বাহের পথ খুলে গেছে।
বিল পাসের পর প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, দেখে মনে হচ্ছে, সরকারের অচলাবস্থা শিগগিরই শেষ হতে যাচ্ছে। ফ্লোরিডার মার-এ-লাগোতে সপ্তাহান্তের ছুটি শেষে তিনি হোয়াইট হাউসে ফিরে এ মন্তব্য করেন।
সিনেটে বিলটি পাস করতে অন্তত ৬০ ভোটের প্রয়োজন ছিল। একাধিকবার উদ্যোগ ব্যর্থ হওয়ার পর অবশেষে ডেমোক্র্যাটদের কয়েকজন গুরুত্বপূর্ণ সিনেটর ক্যাথরিন কর্টেজ মাস্তো, ডিক ডার্বিন, জন ফেটারম্যান, টিম কেইন, ম্যাগি হাসান, জ্যাকি রোজেন, জিন শাহিন এবং স্বতন্ত্র সিনেটর অ্যানগাস কিং বিলটির পক্ষে ভোট দেন।
তবে এখনো সরকারের অচলাবস্থা পুরোপুরি কাটেনি। বিলটি এখন যাবে প্রতিনিধি পরিষদে, যেখানে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ। প্রতিনিধি পরিষদে অনুমোদনের পর বিলটি প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরের জন্য পাঠানো হবে। ট্রাম্প সই করলেই যুক্তরাষ্ট্র সরকারের শাটডাউন আনুষ্ঠানিকভাবে শেষ হবে।
পতাকানিউজ/এনএফএম

