যুক্তরাষ্ট্র ও ইরান উত্তেজনার মধ্যে বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। এতে দ্রুত কূটনৈতিক সমাধানের আশা কমে এসেছে।
মঙ্গলবার, ৪ আগস্ট ব্রেন্ট ক্রুডের ফিউচার দর ৬২ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৪ দশমিক ৩৯ ডলারে উঠেছে।
এর আগে ব্রেন্টের দাম ৭ শতাংশ কমে তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। পরে বাজারে কিছুটা স্থিতিশীলতা ফিরে এলে দাম আবারও বাড়তে শুরু করে।
একইভাবে বেড়েছে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম।
আজ ডব্লিউটিআইয়ের দাম ৬১ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮০ দশমিক ৯৫ ডলারে দাঁড়িয়েছে।
এর আগের সেশনে ডব্লিউটিআইয়ের দাম ৫ শতাংশের বেশি কমে প্রায় এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। পাশাপাশি দ্রুত কূটনৈতিক সমাধানের সম্ভাবনা কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে এর প্রভাব পড়ছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ইরানের সামনে এখন কেবল দুটি পথ খোলা রয়েছে—একটি চুক্তি অথবা নিঃশর্ত আত্মসমর্পণ। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বর্তমান ইরানি নেতৃত্বের কড়া সমালোচনা করে বলেন যে তারা অত্যন্ত দ্বিমুখী নীতি অনুসরণ করছে।
ট্রাম্প বলেন, ইরান স্বীকার করুক বা না করুক, তারা গত কয়েক দশক ধরে যে সমস্যার সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র তার একটি স্থায়ী সমাধানের কথাই বলছে। শেষ পর্যন্ত ইরানের পরমাণু অস্ত্র অর্জনের স্বপ্ন কখনোই পূরণ হতে দেয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি।
পতাকানিউজ/আরবি

