যুদ্ধবিরতি হলো। মাঝখানে সময় গেল ৩৮ দিন। প্রাণ গেছে বহু। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর যে যুদ্ধ চাপিয়ে দিয়েছিল, সেই যুদ্ধ প্রায় ৩৮ দিন পর সাময়িক বিরতি পেয়েছে। দুই সপ্তাহের বিরতি ঘোষণার পর হরমুজ প্রণালিতে আটকে পড়া বাংলাদেশি জাহাজ এমভি বাংলার জয়যাত্রা আবার পাল তুলেছে। জাহাজটিতে ৩১ জন নাবিক রয়েছেন।
জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, জাহাজটি বুধবার বিকেল সাড়ে পাঁচটায় সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে যাত্রা শুরু করে। ৯ দশমিক ৩ নটিক্যাল মাইল গতিতে চলছে।
জাহাজটির প্রধান প্রকৌশলী রাশেদুল হাসান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, প্রায় ৩৭ হাজার টন সার বোঝাই জাহাজটি হরমুজ প্রণালি পাড়ি দিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দরে যাবে। তিনি বলেন, ‘হরমুজ ৪২৫ নটিক্যাল মাইল দূরে। এটি পাড়ি দিতে অন্তত ৪০ ঘণ্টা লাগতে পারে।’
বাংলাদেশ শিপিং কপোরেশনের তথ্য অনুযায়ী, ভারত থেকে পণ্য নিয়ে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি পাড়ি দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে বাংলার জয়যাত্রা জাহাজটি। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কযেলা বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। পরদিন ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। পাল্টা হামলা চালায় ইরানও। এতে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১১ মার্চ জেবেল আলী বন্দরে জাহাজটি থেকে পণ্য খালাস শেষ হয়। এরপর কুয়েতের একটি বন্দরে নতুন করে পণ্য বোঝাই করার সূচি ছিল। তবে মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির অবনতি ঘটলে জাহাজটি নিরাপদে ফিরিয়ে আনার উদ্যোগ নেয় বিএসসি। কিন্তু নিরাপত্তার কারণে সেটি আর সম্ভব হয়নি। এখন যুদ্ধ বিরতি ঘোষণার পর পুনরায় জাহাজটি পাল তোলেছে। যাবে পরবর্তী গন্তব্যে।
-পতাকানিউজ

