যুদ্ধের দামামা বাজছে মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলি বাহিনী মিলে ইরানের ওপর নেকড়ে বাঁঘের মতো হামলে পড়েছে। ফলাফল প্রায় ৫ সপ্তাহে গড়িয়েছে যুদ্ধ।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ পড়েছে বাংলাদেশেও। শুরু হয়েছে জ্বালানি সংকট। সঙ্গী হতে পারে গ্যাস সংকটও। তাই এখন থেকেই রান্নার বিকল্প পন্থা বের করা রাখা জরুরি বলে মনে করছেন গৃহিনীরা।
যুদ্ধের কারণে গ্যাস সিলিন্ডারের সরবরাহ অনিশ্চিত, বাজারে জোগান ঘাটতি—এই পরিস্থিতিতে শহরের গৃহিণীরা নাভিশ্বাস বেঁধে বসেছেন। স্পেশাল রান্নাবান্না হয়তো কিছুদিন বাদে করা যাবে, কিন্তু দৈনন্দিন ভাত-ডাল-তরকারি তো বানাতে হবে। এই পরিস্থিতিতে ইন্ডাকশন কুকটপ এবং মাইক্রোওয়েভ এখন ভরসার হাতিয়ার হয়ে উঠেছে।
ইতিমধ্যেই অনেকেই যা আগে শুধু একক বা শখের রান্নার জন্য ব্যবহার করতেন, তা এখন দৈনন্দিন রাঁধনীর মূল অস্ত্র। তবে এই নতুন গ্যাজেটগুলোতে রান্না করতে গেলে সঠিক নিয়ম জানা জরুরি।
ভাত রান্না
ইন্ডাকশনে ভাত রান্নার জন্য প্রথমেই নিন যতটা চাল ব্যবহার করতে চান, তার দ্বিগুণ পরিমাণে পানি দিন পাত্রে। ইন্ডাকশনের উপযোগী পাত্রে পানি ফুটতে দিন হাই হিটে (৮–১০)। পানি ফুটে গেলে ধোয়া চাল দিয়ে সেটিং লো (২–৩) করে দিন এবং টাইট ফিটিং ঢাকনা দিন। ১৫ মিনিটের মধ্যে ভাত প্রস্তুত হবে। রান্না শেষ হলে ঢাকনা সাবধানে খুলে ভাত নেড়ে দেখুন, প্রয়োজন হলে আরও ২–৩ মিনিট হালকা হিটে রেখে নিন।
ডাল

ডাল রান্না করা সবচেয়ে সহজ স্টেইনলেস স্টিল বা কাস্ট আয়রন প্রেশার কুকারে। আধ কাপ ডালের জন্য প্রয়োজন তার আড়াই গুণ পানি। ডালের সঙ্গে দিন হলুদ, প্রয়োজনীয় সবজি বা টম্যাটো। প্রেশার কুকারে মিডিয়াম-হাই হিটে (১০০০–১৩০০ ওয়াট) রান্না শুরু করুন। ৩–৪টি সিটি পড়ার পর লো হিটে (৬০০–৮০০ ওয়াট) রান্না চালিয়ে যান। ডাল সেদ্ধ হলে ফোড়ন, ঘি, নুন ও মিষ্টি (প্রয়োজন অনুযায়ী) মিশিয়ে ২–৩ মিনিট আরও ফুটিয়ে নিন।
তরকারি
মাইক্রোওয়েভে পাঁচমিশেলি তরকারি তৈরি করা যায় সহজে। পছন্দের সবজি যেমন আলু, ফুলকপি, গাজর কেটে নিন। মাইক্রোওয়েভ উপযোগী পাত্রে সবজির সঙ্গে মেশান ১ টেবিল চামচ সর্ষের তেল, আধ চা চামচ লঙ্কাগুঁড়ো, আধ চা চামচ হলুদ, আধ চা চামচ পাঁচফোড়ন, নুন ও স্বাদমতো মিষ্টি।
এবার এক কাপের সিকিভাগ পানি দিয়ে ঢাকনা এঁটে হাই হিটে (৯০০–১০০০ ওয়াট) ৩ মিনিট রান্না করুন। এরপর নেড়ে ফের ৩–৫ মিনিট রান্না করুন, সবজি নরম না হওয়া পর্যন্ত। রান্না শেষে ২–৩ মিনিট ভিতরেই রাখুন। পরিবেশন করার আগে অতিরিক্ত স্বাদ যোগ করতে চাইলে আগে তেল ও পাঁচফোড়ন গরম করে সবজি মিশিয়ে নিতে পারেন।
মাছ
বাঙালির রান্নায় মাছের ভূমিকা অপরিসীম। যুদ্ধকালীন বা সংকটময় সময়ে সহজ ও স্বাস্থ্যকর রান্না করুন মাইক্রোওয়েভে। ভাপা মাছ বা দই মাছ এর জন্য প্রয়োজন সর্ষে, পোস্ত, সামান্য দই, নুন, মিষ্টি (প্রয়োজনমতো), কাঁচা লঙ্কা এবং অল্প পানি। পেস্ট তৈরি করে মাছের টুকরোর সঙ্গে মাখিয়ে ৫–৬ মিনিট হাই হিটে (৯০০–১০০০ ওয়াট) রান্না করুন। দই মাছের ক্ষেত্রে শেষে সামান্য গরম মশলা ও ঘি যোগ করুন। রান্না শেষে ৫ মিনিট মাইক্রোওয়েভের ভিতর রাখুন, তারপর পরিবেশন করুন।

ডিম
ডিমের ঝোল ইন্ডাকশনে সহজে তৈরি করা যায়। কয়েকটি ডিম ৮ মিনিট সেদ্ধ করুন। সাদা অংশ হালকা করে চিড়ে নিন। মিডিয়াম হিটে (১০০০ ওয়াট) তেল গরম করে সেদ্ধ ডিম, এক চিমটে হলুদ ও লঙ্কাগুঁড়ো দিয়ে ১–২ মিনিট ভেজে নিন। এরপর তেজপাতা, গোটা জিরে, লবঙ্গ, কুচোনো পেঁয়াজ দিয়ে সোনালি রং পর্যন্ত নেড়ে নিন। আদা-রসুন বাটা, টম্যাটো বাটা এবং অন্যান্য মশলা যোগ করে ৫–১০ মিনিট লো হিটে রান্না করুন। শেষে ভেজে রাখা ডিম মিশিয়ে ২–৩ মিনিট আরও ঢাকনা দিয়ে রাখুন। উপরে ধনেপাতা বা কসুরি মেথি ছড়িয়ে পরিবেশন করুন।
রুটি
রুটি বানাতে ইন্ডাকশনও যথেষ্ট। আটা মেখে, লেচি কেটে বেলে নিন। ইন্ডাকশনের উপযোগী তাওয়া মিডিয়াম-হাই হিটে (১০০০–১২০০ ওয়াট) ২–৩ মিনিট গরম করুন। এক এক করে বেলে রাখা রুটি দিয়ে দু’পিঠ সেঁকে পরিষ্কার কাপড় দিয়ে চাপ দিয়ে রুটি ফুলিয়ে নিন।
দৈনন্দিন রান্নার নতুন আস্থা
গ্যাসের অনিশ্চয়তা এবং আন্তর্জাতিক সংকটের মধ্যে এই বৈদ্যুতিক মাধ্যমগুলো এখন বাঙালির রোজকার রান্নার নতুন সহায়ক। ইন্ডাকশন কুকটপ ও মাইক্রোওয়েভের সাহায্যে ভাত, ডাল, তরকারি, মাছ, ডিম এবং রুটি রান্না সহজ, নিরাপদ ও স্বাস্থ্যকরভাবে তৈরি করা সম্ভব।
যুদ্ধের অস্থিরতা থাকলেও গৃহিণীরা এভাবেই রান্নার করতে পারছেন।
সূত্র : আজকাল
-পতাকানিউজ

