যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথভাবে ইরানের উপর যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে, সেই যুদ্ধ দুই সপ্তাহের জন্য স্থগিত হওয়ার খবরে বিশ্বের দেশে দেশে শেয়ার বাজারে চাঙাভাব দেখা দিয়েছে।
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল করবে এমন খবরে বিশ্বব্যাপী শেয়ার মার্কেটে বড় ধরনের উত্থান লক্ষ্য করা গেছে। তেল ছাড়াও অন্য অন্যখাতের শেয়ারগুলোর লেনদেন উর্ধ্বমুখী হয়েছে। যুদ্ধের কারণে বিশ্বের দেশে দেশে শেয়ারবাজারে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সেটি সাময়িকভাবে কেটেছে এবং বিনিয়োগকারীরা পুনরায় ইতিবাচকভাবে লেনদেন শুরু করেছে।
সারাদেশের বড় বড় শেয়ারবাজারের মতো বাংলাদেশের বাজারেও বড় ধরনের উত্থান লক্ষ্য করা গেছে সূচকে। বুধবার থেকে শেয়ারবাজার চাঙ্গা হওয়ার যে আভাস লক্ষ্য করা গেছে তা আজ বৃহস্পতিবারও অব্যাহত আছে।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে শেয়ারবাজারে তার নেতিবাচক প্রভাব শুরু হয়। যুদ্ধের প্রভাবে দেশে জ্বালানিসংকট দেখা দেওয়ার পর এই প্রভাব আরও প্রকট হয়। যুদ্ধের অনিশ্চয়তা ভর করায় শেয়ারবাজারে দেশি-বিদেশি অনেক বিনিয়োগকারী নিষ্ক্রিয় হয়ে পড়েন। তাতে বাজারে লেনদেনের গতিও কমে যায়। এই অবস্থায় যুদ্ধবিরতির ঘোষণা বিনিয়োগকারীদের মধ্যে আবারও আশার সঞ্চার করেছে। এ কারণে সূচকের বড় উত্থানের পাশাপাশি লেনদেনও বড় প্রভাব দেখা যায়। বিনিয়োগকারীদের অংশগ্রহণ বৃদ্ধি পাওয়ায় এই প্রভাব পড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারদর, সূচক ও লেনদেনে স্পষ্ট তেজিভাব দেখা যায়। লেনদেনযোগ্য ৯৪ শতাংশ কোম্পানির শেয়ারদর বেড়েছে। প্রধান মূল্য সূচক বেড়েছে ৩ দশমিক ১২ শতাংশ, যা গত ১৯ মাসের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উত্থান হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে সর্বোচ্চ উত্থান হয়েছিল গত ১৫ ফেব্রুয়ারি, যখন দীর্ঘ রাজনৈতিক অনিশ্চয়তা কাটিয়ে দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর বাজারে ইতিবাচক প্রভাব পড়ে।
তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর আগে গত ২৬ ফেব্রুয়ারি সূচকটি ৫৬০০ পয়েন্টে অবস্থান করছিল। পরবর্তীতে ৮ মার্চ তা নেমে ৫০০০ পয়েন্টে দাঁড়ায়। সর্বশেষ লেনদেন দিনে সূচক ১৬৭ পয়েন্ট বাড়লেও যুদ্ধ শুরুর আগের অবস্থান থেকে এখনো সূচক ২৮২ পয়েন্ট বা প্রায় ৫ শতাংশ পিছিয়ে রয়েছে।
শেয়ারবাজারের চাঙ্গাভাব বিষয়ে ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান বলেন, ‘ফেব্রুয়ারি মাসে নতুন সরকার দায়িত্ব দেওয়ার পর প্রত্যাশা অনুযায়ী শেয়ার বাজারে উত্থান দেখা গিয়েছিল। কিন্তু মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে মার্চ থেকে সেই বাজারের কাঙ্ক্ষিত প্রত্যাশা নসাৎ হয়। বিনিয়োগকারীরা এক ধরনের আতঙ্ক ও অনিশ্চিয়তার মধ্যে পড়েন। এখন যুদ্ধ বিরতি শুরু হওয়ার পর পুনরায় বিনিয়োগকারীরা আস্থা ফিরে পাচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে শেয়ারবাজার আবারো চাঙা হবে বলে আশা করা যায়।’
হাউসের কর্মকর্তারা জানান, ইরানের বিরুদ্ধে সভ্যতা ধ্বংস করে দেওয়ার মতো কঠোর হুমকি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তবে বাস্তবে কী ঘটেছে, তা জানতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে নজর রাখেন বিনিয়োগকারীরা। পরিস্থিতির পরিবর্তনে অনেকেই বিস্মিত হয়েছেন। এরই মধ্যে জাপানের শেয়ার সূচক বেড়েছে প্রায় সাড়ে ৫ পয়েন্ট, হংকংয়ে প্রায় ৩ শতাংশ এবং ভারতে প্রায় ৪ শতাংশ উত্থান হয়েছে। যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী পাকিস্তানের শেয়ারবাজারে সূচক বেড়েছে সোয়া ৯ শতাংশেরও বেশি।
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাজারে উত্থানের এই ঢেউ ঢাকার শেয়ারবাজারেও প্রভাব ফেলেছে। লেনদেনযোগ্য ৩৫৫টি কোম্পানির মধ্যে ৩৩৫টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে ৬৩টি কোম্পানির শেয়ারদর ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। সার্বিকভাবে সব শেয়ারের দর গড়ে প্রায় ২ শতাংশ করে বেড়েছে। এতে প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৬১ পয়েন্ট বেড়ে ৫৩১৮ পয়েন্টের কাছাকাছি অবস্থানে পৌঁছেছে।
খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, আর্থিক প্রতিষ্ঠান খাতে প্রায় সাড়ে ৩ শতাংশ, টেলিযোগাযোগ ও প্রকৌশল খাতে প্রায় সোয়া ৩ শতাংশ করে দর বেড়েছে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি, কাগজ ও ছাপাখানা এবং পাট খাতের শেয়ারগুলোর গড় দর বৃদ্ধির হার ৩ শতাংশের বেশি ছিল। বীমা ও বস্ত্র খাতের ১১৬টি কোম্পানির শেয়ারদরও গড়ে প্রায় পৌনে ৩ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। শুধু শেয়ারদর বা সূচক নয়, লেনদেনের পরিমাণেও উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।
-পতাকানিউজ

