রাজধানীর আদাবরে পূর্বশত্রুতার জেরে চাপাতি দিয়ে কুপিয়ে রিপন (৩৫) নামে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। আহত হয়েছেন তার স্ত্রী আরজু বেগম (২৮) ও ছেলে ইমন (১৮)।
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে আদাবর ১০ নম্বর রোডের বালুর মাঠ এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় রিপনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।
আহত আরজু বেগম জানান, তারা আদাবর ১০ নম্বর রোডের বালুর মাঠ এলাকার রহমান মিয়ার গলিতে টিনশেড বাসায় ভাড়া থাকেন। রিপন বাসার পাশে চায়ের দোকান করেন। মঙ্গলবার সকালে দুই সন্তানসহ স্বামী-স্ত্রী বাসায় ঘুমিয়েছিলেন। এ সময় একই এলাকার বেল্টু মনির, তার ভাই বাবু, জাহিদ, রাকিব, কুমির রুবেলসহ আরও কয়েকজন অতর্কিত ঘরের ভেতর ঢুকে চাপাতি দিয়ে রিপনকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তাকে বাঁচাতে গেলে আরজু বেগম ও ছেলে ইমনকেও আঘাত করে।
আরজু অভিযোগ করে বলেন, বেল্টু মনির ও তার ভাই বাবু এলাকার শীর্ষ সন্ত্রাসী ও মাদককারবারি। বিভিন্ন সময় তাদের অন্যায় কাজের প্রতিবাদ করায় এই হামলা করেছে।
আদাবর থানার ওসি এস. এম জাকারিয়া জানান, মঙ্গলবার সকালে মাদক ব্যবসাকে কেন্দ্র করে রিপন নামে যুবককে কুপিয়ে আহত করে তার প্রতিপক্ষ। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে সে মারা যায়। বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।
পতাকানিউজ/এমওয়াই

