কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের পাহাড়ি এলাকা থেকে অপহৃত সংকুচিং চাকমা অপহরণকারীদের কাছ থেকে কৌশলে পালিয়ে এসেছেন। রবিবার, ২১ ডিসেম্বর সকালে তিনি নিরাপদ স্থানে পৌঁছান।
এর আগে শনিবার, ২০ ডিসেম্বর দুপুরে তিনি দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের চৌকিদার পাড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় অস্ত্রধারী দুর্বৃত্তদের হাতে অপহরণের শিকার হন।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুর্জয় বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংকুচিং চাকমা দুর্বৃত্তদের হাত থেকে পালিয়ে স্থানীয়দের সহায়তায় সকাল ১০ টায় নিরাপদ স্থানে পৌঁছান।
অপহৃত সংকুচিং চাকমা বলেন, ‘পাহাড়ে কৃষিকাজ করার সময় একদল অস্ত্রধারী অপহরণকারীরা আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। তারা বিভিন্ন উপায়ে আমার থেকে মুক্তিপণ দাবি করছিল। আমি বলেছি, আমি কৃষিকাজ করে জীবনযাপন করি। ভোরে সবাই ঘুমিয়ে গেলে আমি কৌশলে পালিয়ে আসি।’
অপহরণের শিকার বৃদ্ধ এবাদুল্লাহ (৬০) আগেই পালিয়ে আসতে সক্ষম হন। তিনি জানান, সন্ত্রাসীরা হঠাৎ তাদের ওপর হামলা চালায় এবং সংকুচিংকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। তাকেও অপহরণের চেষ্টা করা হলে তিনি দৌঁড়ে পালিয়ে যান।
টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে মুক্তিপণের উদ্দেশ্যেই এ অপহরণ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। অপহৃত যুবক পালিয়ে আসায় বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং পাহাড়ি এলাকায় অভিযান জোরদার করা হয়েছে।
পতাকানিউজ/এনএ/আরবি

