আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ঠিকানা পরিবর্তনসহ সব ধরনের তথ্য সংশোধন সাময়িকভাবে স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৪টার পর থেকে এই স্থগিতাদেশ কার্যকর হয়েছে।
ইসির সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা জানান, এখন থেকে এনআইডি–সংক্রান্ত ঠিকানা পরিবর্তন, তথ্য সংশোধন, নতুন আপডেটসহ যেকোনো পরিবর্তনের কাজ বন্ধ থাকবে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।
ইসি কর্মকর্তাদের মতে, নির্বাচনকে সামনে রেখে এনআইডিতে ভুল তথ্য সংযোজন বা অপব্যবহার রোধ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভোটার তালিকার স্বচ্ছতা ও সঠিকতা নিশ্চিত করা এবং নির্বাচন প্রক্রিয়াকে ত্রুটিমুক্ত রাখাই এর মূল লক্ষ্য।
ইসি সূত্র জানায়, নির্বাচনী সময় এনআইডি সংশোধন কার্যক্রম চালু থাকলে তথ্য জালিয়াতি বা অনাকাঙ্ক্ষিত পরিবর্তনের সুযোগ তৈরি হতে পারে। এতে ভোটার তালিকা ও পুরো নির্বাচন প্রক্রিয়া প্রভাবিত হতে পারে। তাই নির্ভুল ও নিরাপদ ভোটার তালিকা নিশ্চিত করতে এনআইডি সংশোধন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
পতাকানিউজ/এআই

