শর্ত পূরণ না হওয়ায় তারেক রহমানের নেতৃত্বাধীন ‘আম জনতার দল’-এর নিবন্ধনের আবেদন মঞ্জুর করেনি নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সূত্রে জানা যায়, দলটির ২টি জেলা ও ৬৭টি উপজেলা কার্যালয়ের কার্যক্রম ও সক্রিয়তা যাচাইয়ে পাওয়া যায়নি। ফলে ‘রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা, ২০০৮’-এর বিধি ৭-এর উপবিধি (৬) অনুযায়ী দলটির নিবন্ধন আবেদন না-মঞ্জুর করা হয়েছে।
ইসির নির্বাচন সহায়তা শাখার উপসচিব মো. রফিকুল ইসলাম এই কারণ উল্লেখ করে ইতোমধ্যে দলটির সভাপতি কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামানকে চিঠি দিয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, ২০ এপ্রিল আবেদন করার পর দলটির ব্যাংক হিসাব, তহবিলের উৎস ও ৩৩ শতাংশ নারী অংশগ্রহণের প্রমাণসহ বেশ কিছু তথ্য অসম্পূর্ণ ছিল। পরে ১৫ জুলাই ঘাটতি পূরণের জন্য বলা হয়। দলটি আংশিকভাবে সাড়া দিলেও মাঠপর্যায়ের তদন্তে দেখা যায়, ঘোষিত ২২টি জেলার মধ্যে দুটি জেলা ও ঘোষিত ১০০টি উপজেলার মধ্যে ৬৭টিতে কোনো কার্যালয় নেই। পাশাপাশি ২০০ ভোটার সমর্থকও পাওয়া যায়নি।
এদিকে নিবন্ধন না পাওয়ায় নির্বাচন ভবনের সামনে অনশন শুরু করেছেন দলের সদস্য সচিব তারেক রহমান। তার দাবি, দলের সব জেলা ও উপজেলা কার্যালয় সক্রিয় আছে, কিন্তু ইসির তদন্ত কর্মকর্তারা ‘ভুল ও পক্ষপাতদুষ্ট প্রতিবেদন’ দিয়েছেন।
তিনি বলেন, ‘কমিশন এখন বলছে আদালতে যেতে। কিন্তু নির্বাচনের সময় এসে গেছে- এখন আদালতে গিয়ে কী হবে? শর্ত অনুযায়ী আমাদের সবকিছুই আছে, এই অনশন চলবে।’
উল্লেখ্য, গত ৪ নভেম্বর ইসি জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কবাসী) ও রফিকুল আমীনের নেতৃত্বাধীন আম জনগণ পার্টিকে নিবন্ধন দেয়। তবে তদন্তে বাদ পড়ে যায় আরও ১১টি দল, যার মধ্যে ‘আম জনতার দল’ অন্যতম।
পতাকানিউজ/এআই

