দেশের কিছু গ্রাহকের মোবাইল সংযোগ সাময়িকভাবে হ্যান্ডসেট থেকে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে আজ, ২২ ফেব্রুয়ারি। রবিবার, ২২ ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় মোবাইল অপারেটরদের সংগঠন-এমটব।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিটিআরসি কর্তৃক এনইআইআর সিস্টেমের পরীক্ষামূলক টেস্ট রানের কারণে ডি-রেজিস্ট্রেশন ব্যতীত সিম ব্যবহার করলে কিছু গ্রাহকের মোবাইল সংযোগ সাময়িকভাবে হ্যান্ডসেট থেকে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে। তবে পরীক্ষা শেষে বিচ্ছিন্ন হওয়া সংযোগ স্বয়ংক্রিয়ভাবে আবার চালু হয়ে যাবে।
সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংগঠনটি।
এর আগে গত ১ জানুয়ারি ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্ট্রার বা এনইআইআর পদ্ধতি চালু করে সরকার। তবে অবৈধ পথে আমদানি হওয়া মোবাইল ফোনগুলো ১৫ মার্চ পর্যন্ত বিক্রির সুযোগ পেয়েছেন ব্যবসায়ীরা। অর্থাৎ ১৫ মার্চ থেকে পুরোদমে কার্যকর হচ্ছে এ পদ্ধতি।
এ ব্যবস্থা কার্যকরের ফলে দেশের নেটওয়ার্কে অনুমোদন ছাড়া অর্থাৎ ‘আনঅফিসিয়াল’ বলে বিক্রি হয়ে আসা ফোনগুলো আর যুক্ত হতে পারবে না।
পতাকানিউজ/আরবি

