দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা ‘বাংলাদেশ বার কাউন্সিল’ এর নির্বাচন স্থগিত করা হয়েছে। এর ফলে আগামী ১৯ মে পূর্বনির্ধারিত দিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে না।
বুধবার, ১৫ এপ্রিল বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ এপ্রিল বুধবার বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত বার কাউন্সিলের এক জরুরি সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, দেশব্যাপী বিদ্যমান তীব্র জ্বালানি সংকটের কারণে আগামী ১৯ মে তারিখে অনুষ্ঠিতব্য বার কাউন্সিল সদস্য নির্বাচনে সাধারণ আসনের ৭টি ও আঞ্চলিক আসনের ৭টি পদে অংশগ্রহণকারী আইনজীবীদের সারাদেশে নির্বাচনী প্রচারণা কার্যক্রমসমূহ উল্লেখযোগ্যভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, ঢাকা আইনজীবী সমিতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিসহ দেশের বিভিন্ন বার সমিতির নিকট থেকে প্রাপ্ত আবেদন ও অনুরোধসমূহ যথাযথভাবে বিবেচনায় নিয়ে বিগত ২ এপ্রিলের কাউন্সিল সভার সিদ্ধান্তমতে আগামী ১৯ মে অনুষ্ঠিতব্য বাংলাদেশ বার কাউন্সিল সদস্য নির্বাচন স্থগিত করা হলো।
এর আগে গত ২ এপ্রিল বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচন-২০২৬ এর ভোটগ্রহণের জন্য ১৯ মে দিন নির্ধারণ করা হয়।
এদিন অনুষ্ঠিত এ সভায় ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এ এস এম বদরুল আনোয়ার, লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন, রিলিফ কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম, রোল অ্যান্ড পাবলিকেশন কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মাইনুল আহসান, হাউজ কমিটির চেয়ারম্যান মো. মহসিন মিয়া, ল’ রিফর্ম কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়া কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট এ টি এম ফয়েজ উদ্দিন, সিনিয়র অ্যাডভোকেট শাহ মো. খসরুজ্জামান এবং অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম খান সভায় অংশ নেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্টের পর নির্বাচন অনুষ্ঠিত না করে অ্যাডহক কমিটি গঠনের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
পতাকানিউজ/আরবি

