শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মিরপুর মডেল থানায় করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক ড. এরশাদ হালিমকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার, ১৪ নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে বিকেলে এরশাদ হালিমকে আদালতে হাজির করে মিরপুর থানা পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মেহেদী হাসান মিলন তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে এরশাদ হালিমের পক্ষে আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত বৃহস্পতিবার রাত ১১টায় শেওড়াপাড়ার বাসা থেকে ড. এরশাদ হালিমকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাবি রসায়ন বিভাগের এক শিক্ষার্থী মিরপুর মডেল থানায় বাদী হয়ে মামলাটি করেন।
গত কয়েকদিন ধরে রসায়ন বিভাগের বেশ কয়েকজন শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে ড. এরশাদ হালিমের যৌন হয়রানির বিষয়টি সামনে নিয়ে আসেন। গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থীরা এরশাদ হালিমের অপকর্মের বিষয়টি তুলে ধরেন সাংবাদিকদের কাছে।
পতাকানিউজ/এএ/আরবি

