বাংলাদেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে সোমবার, ২২ ডিসেম্বর থেকে হিজরি ১৪৪৭ সনের পবিত্র রজব মাস গণনা শুরু হবে। এবং আগামী ১৬ জানুয়ারি, শুক্রবার দিনগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে। রবিবার, ২১ ডিসেম্বর সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এই ঘোষণা দেন।
রবিবার বাদ মাগরিব হিজরি ১৪৪৭ সনের রজব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় দেশের বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত চাঁদ দেখার সংবাদ এবং আবহাওয়া দপ্তরের তথ্য বিশ্লেষণ করা হয়। পর্যালোচনা শেষে ধর্ম উপদেষ্টা দেশের আকাশে চাঁদ দেখার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন।
ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী, রজব মাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই মাসের ২৬ তারিখ দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হয়। রজব মাসের চাঁদ দেখার মাধ্যমে পবিত্র রমজান মাসের আগমনের ক্ষণগণনাও শুরু হয়। সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকসহ চাঁদ দেখা কমিটির অন্যান্য সদস্য ও দেশের বিশিষ্ট ওলামায়ে কেরামরা উপস্থিত ছিলেন।
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পুরো রজব মাসজুড়ে বেশি বেশি বরকতের দোয়া পড়তে বলেছেন । সেটি হলো- ‘আল্লাহুম্মা বারাকলানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রামাদান।’ অর্থ : ‘হে আল্লাহ! আপনি রজব ও শাবান মাসকে আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত (হায়াত দিন) পৌঁছে দিন।’
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘বছরে ১২টি মাস। এরমধ্যে ৪টি মাস সম্মানিত। তিনটি মাস ধারাবাহিক; আর তা হচ্ছে- জিলক্বদ, জিলহজ ও মহররম। আর চতুর্থ মাসটি হল- রজব, যা জমাদিউল উখরা ও শাবান মাসের মর্ধবর্তী মাস।’ (বুখারি)
পতাকানিউজ/কেএস

