পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে রোজা।
বুধবার, ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। বৈঠক শেষে এ ঘোষণা দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানসহ কমিটির অন্যান্য সদস্য ও বিশিষ্ট আলেমরা।
এর আগে বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করে ইসলামিক ফাউন্ডেশন।
এদিকে সৌদি আরবে আজ বুধবার থেকে রোজা শুরু হয়েছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ও কাতারেও রোজা শুরু হচ্ছে। মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে।
সাধারণত, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা শুরুর পরের দিন বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রোজা শুরু হয়।
এদিকে রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় মধ্যপ্রাচ্যের দেশ ওমানের পাশাপাশি তুরস্ক, আজারবাইজান, কাজাখস্তান ও উজবেকিস্তানে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি রোজা শুরু হবে। এছাড়া একইদিন রোজা শুরুর ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, জাপান, সিঙ্গাপুরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষও।
পতাকানিউজ/আরবি

