রমজানে লক্ষ্মীপুরের রায়পুরে ন্যায্যমূল্যে সবজি বিক্রি করছে ছাত্রদল। সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে দলের নেতারা।
রবিবার, ২২ ফেব্রুয়ারি দুপুরে পৌর শহরের ট্রাফিক চত্বরে এ ন্যায্যমূল্যের অস্থায়ী দোকানের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয়, সদস্য সচিব আল নোমান রিপাত, যুগ্ম আহ্বায়ক ও মেহেদী হাসান আইনান প্রমুখ।
সরেজমিন দেখা যায়, দোকানে টমেটো প্রতিকেজি ৩৫ টাকা, বেগুন ৬০ টাকা, পেঁয়াজ ৪৫ টাকা, লেবু ৩০ টাকা, আলু ২০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা ও শসা ৭৫ টাকায় বিক্রি করা হচ্ছে। অথচ খুচরা বাজারে প্রতিটি পণ্যে কেজিতেই ১০-৪০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।
দেনায়েতপুর এলাকার সবজি ক্রেতা ফারুক মিজি বলেন, ‘এমন উদ্যোগ প্রশংসনীয়। বাজার থেকেও কম দামে সবজি কিনেছি। প্রতিটি সবজি কেজিতে ১০-৩০ টাকা কম।’
উদ্যোক্তা ছাত্রদল নেতা মাহফুজুর রহমান হৃদয় পুরো রমজানে এ কার্যক্রম চলবে জানিয়ে বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ ও নিম্মআয়ের মানুষ বিপাকে আছেন। তাদের কষ্ট লাঘবে ন্যায্যমূল্যে সবজি বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।’
পতাকানিউজ/কে কে /আরবি

