পবিত্র রমজান মাসে মৌলভীবাজারের কমলগঞ্জে ৮ বন্ধু মিলে চালু করেছে বিনা লাভের বাজার। এতে বাজারের তুলনায় কম দামে পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা।
বুধবার, ২৫ ফেব্রুয়ারি কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজার পতনঊষারে ‘বিনা লাভের বাজার’ গিয়ে জানা যায়, গত মঙ্গলবার থেকে এ বাজার চালু করেন নেছার, ফাহিম, সানি, সাকিব, সামাদ, সাকি, বেলাল ও ইলিয়াস নামে আট বন্ধু। প্রতিদিন দুপুর ২ টা থেকে রাত ১১ টা পর্যন্ত পুরো রমজান মাসজুড়ে চলবে এ বাজার।
বিনা লাভের বাজারে বিক্রি করা হচ্ছে আপেল প্রতি কেজি ২৫০ টাকা, মাল্টা কেজি ৩০০ টাকা , দেশি পেঁয়াজ কেজি ৩৫ টাকা, দেশি রসুন কেজি ৬০ টাকা, চায়না রসুন কেজি ৮০ টাকা, মসুর ডালের কেজি ৮৫ টাকা, চনার ডাল কেজি ৫৮ টাকা, সেমাই ৩৮ টাকা, আলু কেজি ১৫ টাকা, শসা কেজি ৫৫ টাকা, গাজর কেজি ৩০ টাকা, ধনিয়া পাতা কেজি ৩০ টাকা, কাচা মরিচ কেজি ১৩০ টাকা, লম্বা আলু ২ কেজি ২৫ টাকা।
বাজার করতে আসা নজমুল ইসলাম নামে এক ক্রেতা বলেন, ‘আমি কাচা মরিচ ১৩০ টাকা কেজি ধরে কিনেছি। অথচ বাজারে ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। আলু কিনেছি ১৫ টাকায়, বাহিরে ২০ টাকায় বিক্রি হচ্ছে। এখানে বাজার করে টাকা সাশ্রয় হয়েছে।’
উদ্যোক্তা ফাহিম, সানি, সাকিব ও সাকি বলেন, ‘পবিত্র রমজান মাস আসার সাথে সাথেই আমাদের দেশে অনেক পণ্যের দাম বাড়িয়ে দেয়া হয়। সাধারণত নিম্ন আয়ের মানুষেরা অনেক কষ্ট করে রোজার মাসে চলতে হয়। এজন্য আমরা মাসব্যাপী বিনা লাভের বাজার চালু করেছি। যাতে এখান থেকে পণ্য কিনে মানুষের কিছু টাকা সাশ্রয় হয়। একইসঙ্গে ক্রেতাদেরও কিছুটা স্বস্তি ফিরে আসবে।’
পতাকানিউজ/এমআরআর/আরবি

