রসায়নবিজ্ঞানে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এ বছরের নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন বিশিষ্ট বিজ্ঞানী—সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমার এম ইয়াগি। বুধবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে সুইডেনের রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি তাদের নাম ঘোষণা করে।
তাদের আবিষ্কৃত ‘মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক’ বা এমওএফ প্রযুক্তি আধুনিক রসায়নে নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই বিশেষ আণবিক কাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে এর ভেতর দিয়ে বিভিন্ন গ্যাস ও রাসায়নিক পদার্থ সহজেই প্রবাহিত হতে পারে। ফলে এটি কেবল গবেষণাক্ষেত্রেই নয়, পরিবেশ সংরক্ষণ ও শিল্পকারখানায়ও ব্যাপক প্রয়োগের সুযোগ সৃষ্টি করেছে।
নোবেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই এমওএফ কাঠামো ব্যবহার করে মরুভূমির বাতাস থেকেও পানি আহরণ করা সম্ভব, এমনকি কার্বন ডাই-অক্সাইড ও বিষাক্ত গ্যাস সংগ্রহ ও সংরক্ষণের কাজেও এটি অত্যন্ত কার্যকর। পাশাপাশি, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া দ্রুত সম্পন্ন করতে সাহায্য করে এই প্রযুক্তি।
এ পর্যন্ত রসায়নে মোট ১১৬ বার নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে। এর ইতিহাসে সবচেয়ে বয়স্ক নোবেলজয়ী ছিলেন জন বি. গুডএনাফ, যিনি ২০১৮ সালে ৯৭ বছর বয়সে এ পুরস্কার লাভ করেন। অপরদিকে সবচেয়ে তরুণ বিজয়ী ছিলেন ফেদ্রিক জোলিয়ট, যিনি মাত্র ৩৫ বছর বয়সে ১৯৩৫ সালে রসায়নে নোবেল পান।
নোবেল পুরস্কার প্রথম প্রদান করা হয় ১৯০১ সালে। সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে নামকরণ করা এই পুরস্কার পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা, শান্তি ও সাহিত্য—এই পাঁচটি শাখায় প্রতি বছর প্রদান করা হয়। পরবর্তীতে ১৯৬৯ সালে এর সঙ্গে যুক্ত হয় অর্থনীতি। ডিনামাইট আবিষ্কারের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়া আলফ্রেড নোবেল তাঁর উইলে উল্লেখ করেছিলেন, মানবকল্যাণে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের তাঁর নামে এই পুরস্কার দেওয়া হবে।
এ বছর রসায়নে বিজয়ীদের অর্জন সেই মানবকল্যাণেরই আরেক অনন্য উদাহরণ হয়ে রইল।
পতাকানিউজ/এনটি

