রাজধানীর রহমতগঞ্জে একটি তিনতলা ভবনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস জানায়, সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৪টা ৪২ মিনিটে তারা আগুন লাগার খবর পায়। পরে পলাশী, হাজারীবাগ ও সিদ্দিক বাজার স্টেশন থেকে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। আগুনের উৎস কী, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
এর আগে একই দিন বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে মোহাম্মদপুরের জহুরি মহল্লায় একটি ছয়তলা আবাসিক ভবনের শীর্ষ তলায় আগুন লাগে। দ্রুত খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে এবং বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, মোহাম্মদপুরের ভবনটির ষষ্ঠ তলায় আগুন ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন বড় ধরনের ক্ষতির আগে নিয়ন্ত্রণে আসে।

