রাউজান উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নাজিম উদ্দীন (৪৪) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তিনজন। মঙ্গলবার, ২১ অক্টোবর ভোরে রাউজান উপজেলার গহিরা-হেঁয়াকো সড়কের সংযোগস্থল গহিরা দলইনগর আতুরন্নিঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিক্সাটি তার লেনে চলছিল, তবে কাভার্ড ভ্যানটি ভুল দিক থেকে এসে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাজিম উদ্দীন নিহত হন। সংঘর্ষে তার এক পা বিচ্ছিন্ন হয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নাজিম উদ্দীন তিন কন্যা সন্তানের জনক ছিলেন। দুর্ঘটনার পর রাউজান থানা পুলিশ গাড়ি দু’টি হেফাজতে নিয়েছে।
স্থানীয়রা জানান, সকালে নাজিম সবজি আনার জন্য তিনি চট্টগ্রাম নগরীতে যাচ্ছিলেন। দুর্ঘটনায় মুরগির বাচ্চাবাহী কাভার্ড ভ্যানটি সড়ক থেকে ধানক্ষেতে পড়ে যায়। অপরদিকে অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। এতে অটোরিকশার তিন যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পতাকানিউজ/এএইচ

