চট্টগ্রামের রাউজানে আবারও গুলিতে নাসির উদ্দিন নামে এক যুবদলকর্মী নিহত হয়েছেন। রবিবার, ২৬ এপ্রিল রাত সাড়ে ৯টায় উপজেলার কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শমসেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাছির উদ্দীন (৪৫) ৮ নম্বর কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শমসের পাড়ার বাসিন্দা। তিনি কদলপুর ইউনিয়নের আলোচিত সন্ত্রাসী দামা ইলিয়াসের সহযোগী হিসেবে পরিচিত।
এর আগে শুক্রবার, ২৫ এপ্রিল রাতে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকায় বাবলু নামে এক বিএনপি সমর্থককে গুলি করে হত্যা করা হয়। নিহত বাবলু রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঢালার মুখ এলাকার আবুল কালাম সওদাগরের ছেলে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে একের পর এক খুনের ঘটনায় এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকার মানুষ।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত নাসির উদ্দিন একটি দোকানে আড্ডা শেষে বের হচ্ছিলেন। এসময় একদল অস্ত্রধারী তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত সাড়ে ১১টায় তার মৃত্যু হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক জানান, রবিবার রাত সাড়ে ১১টায় রাউজান থেকে গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, ‘নিহত নাসির উদ্দিনের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পরে বিস্তারিত জানানো হবে।’
পতাকানিউজ/আরবি

