চট্টগ্রামে রাউজানে প্রকাশ্যে মুখোশধারী দৃর্বৃত্তের মুহাম্মদ আবদুল মজিদ নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে।
বুধবার, ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়াহাট বাজারে এ ঘটনা ঘটে। পূর্ব গুজরা পুলিশ তদন্তকেন্দ্র থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় ৫০০ মিটার।
নিহত মুহাম্মদ আবদুল মজিদ (৫০) অলিমিয়াহাট বাজার এলাকার বাসিন্দা। তিনি পূর্ব গুজরা ইউনিয়ন যুবদলের কর্মী ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সন্ধ্যায় বাজার থেকে হেঁটে বাড়ির দিকে রওনা হন আবদুল মজিদ। এসময় বাজারে মুখোশ পরা একদল অস্ত্রধারী যুবক মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে হামলাকারীরা দ্রুত সটকে পড়ে।
এদিকে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা মজিদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মজিদের চোখের ওপরে, বুকে ও কোমরে মোট তিনটি গুলি লাগে।
রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা (আরএমও) টিবলু কান্তি দে জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পতাকানিউজ/আরবি

