চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে মুখোশধারী দৃর্বৃত্তরা মুহাম্মদ আবদুল মজিদ নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় নাঈম নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মামলার এক নম্বর আসামি।
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি বিকেল ৪টায় বায়েজিদ থানার বায়েজিদ মাজার গেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে নিহতের স্ত্রী বাদী হয়ে রাউজান থানায় মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, ‘ঘটনার রহস্য উদঘাটন ও জড়িত আসামিদের শনাক্ত করতে ঘটনাস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা এবং তথ্য-উপাত্ত ও প্রযুক্তিগত বিশ্লেষণ কার্যক্রম গ্রহণ করা হয়। তদন্তের ধারাবাহিকতায় সম্ভাব্য বিভিন্ন স্থানে রাতব্যাপী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে বৃহস্পতিবার বিকেল ৪টায় বায়েজিদ মাজার গেট এলাকা হতে মামলার এক নম্বর আসামি নাঈমকে গ্রেপ্তার করা হয়।’
ওসি আরও বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তার এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।’
প্রসঙ্গত, বুধবার, ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়াহাট বাজারে মুখোশধারী দৃর্বৃত্তরা মুহাম্মদ আবদুল মজিদকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে। পূর্ব গুজরা পুলিশ তদন্তকেন্দ্র থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় ৫০০ মিটার।
নিহত মুহাম্মদ আবদুল মজিদ (৫০) অলিমিয়াহাট বাজার এলাকার বাসিন্দা। তিনি পূর্ব গুজরা ইউনিয়ন যুবদলের কর্মী ছিলেন।
পতাকানিউজ/আরবি

