চট্টগ্রামের রাউজান উপজেলার যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যা মামলার অন্যতম মূল পরিকল্পনাকারী মো. আইয়ুবকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭।
রবিবার, ২১ জুন ভোরে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের দূরছড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ এর সেকেন্ড ইন কমান্ড মেজর জালিস মাহমুদ খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব সূত্রে জানা যায়, রাউজান উপজেলার কদলপুর এলাকার বাসিন্দা মো. আইয়ুব দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদে র্যাব-৭ এর একটি দল ভোর ৬টায় অভিযান চালিয়ে তার ভগ্নিপতি শাহ আলমের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
বাঘাইছড়ি থানার ওসি নাছির উদ্দিন মজুমদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযান শেষে র্যাব সদস্যরা তাকে চট্টগ্রামে নিয়ে গেছে।
প্রসঙ্গত, গত ১৩ জুন দুপুর দেড়টায় রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে একটি ওষুধের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন মাসুদ। এসময় সিএনজিচালিত একটি অটোরিকশায় করে পাঁচজন অস্ত্রধারী সেখানে আসেন। তাদের দুজনের হাতে শর্টগান এবং তিনজনের হাতে পিস্তল ছিল। ঘটনাস্থলে পৌঁছে তারা মাসুদকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
শনিবার, ১৩ জুন দুপুর দেড়টায় রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজার এলাকায় প্রকাশ্যে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) গুলি করে হত্যা করা হয়।
মাকসুদুল হক চৌধুরী মাসুদ রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি উপজেলার বেতাগী এলাকার মৃত খালেদ চৌধুরীর ছেলে। তিনি রাঙ্গুনিয়া উপজেলা বেতাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ স্বপনের ছোট ভাই।
এদিকে ঘটনার দুদিন পর সোমবার, ১৫ রাত ১২টায় ১১জনের নাম উল্লেখসহ আরও ৭/৮জনের নাম উল্লেখ করে মামলা করেন নিহেতর ভাই সাবেক চেয়ারম্যান মুহাম্মদ পিয়ারুল হক চৌধুরী স্বপন।
পতাকানিউজ/আরবি

