রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপভ্যান উল্টে ২ নারীসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২ জন।
রবিবার, ১৬ আগস্ট ভোর সাড়ে ৫টায় সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মেঘরানী চাকমা (৪৫), শান্তনা চাকমা (৩৮), শান্তি রঞ্জন চাকমা (৬৫) ও শোভা চাকমা (৫২)। ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙামাটি শহর থেকে যাত্রী নিয়ে একটি পিকআপভ্যান (চট্টগ্রাম মেট্রো ন-১১-২৫৯৯) কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। পথে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপভ্যানের চালক ও দুই নারীর মৃত্যু হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও সেনাবাহিনী দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে।
এদিকে গুরুতর আহত শোভা চাকমা (৫২), জ্ঞান বিকাশ চাকমা (৫০) এবং সুমন চাকমাকে (৪৫) উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় শোভা চাকমাকে চমেক হাসপাতালে পাঠানো হলে নেয়ার পথে তিনি মারা যান।
কোতোয়ালি থানার ওসি মো. জসীম উদ্দিন জানান, নিহতদের মরদেহ উদ্ধার এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পতাকানিউজ/আরবি

